ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বুলবুল আহমেদ গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্বসকষ্ট শুরু হওয়ায় দুইদিন আগে তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমান তার অবস্থা ভাল নয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তার স্ত্রী ডেইজি আহমেদ বলেন, "ভালো-মন্দ সবই আল্লাহর হাতে। বেশ কয়েকজন ডাক্তার তাকে দেখেছেন। বাকিটা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি।"
বুলবুল আহমেদে সবার কাছে দোয়া চেয়েছেন জানিয়ে তার স্ত্রী আরো বলেন, অসুস্থ এই অভিনেতা সবার দোয়ায় সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন।
বুলবুল আহমেদ ছাত্রজীবনে মঞ্চনাটক, পরবর্তীকালে বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘদিন একটানা অভিনয় করেন। এক হাজারেরও বেশি নাটক ও দুই শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দহন, মোহনা, রূপালী সৈকতে, সীমানা পেরিয়ে, সূর্যকন্যা, ধীরে বহে মেঘনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এএনএস/এইচএ/২৩২৩ ঘ.
bdnews24