২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই বিতরণে অনিয়ম: এক কর্মকর্তা বরখাস্ত, কমিটি গঠন

বিনামূল্যের পাঠ্যবই বিতরণে অনিয়মের অভিযোগে বুধবার ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন খানকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 03:36 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যের পাঠ্যবই বিতরণে অনিয়মের অভিযোগে বুধবার ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন খানকে বরখাস্ত করা হয়েছে। ওদিকে, বই বিতরণের অনিয়ম ও দুর্নীতির জন্য সংশ্লিষ্টদের চিহ্নিত করতে এবং সমস্যা সমাধান করে এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। (আরো তথ্যসহ) বুধবার রুহুল আমিনের বরখাস্তের আদেশ হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ ঢালী। তিনি বলেন, বই বিতরণে বিলম্বসহ নানা ধরনের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে। বই বিতরণে ত্র"টি-বিচ্যুতি অনিয়ম খতিয়ে দেখতে গঠিত কমিটির সদস্যরা হলেন- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ২০১০ সালের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ সম্পর্কিত উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্বিক তদারকি কমিটির এক সভায় ওই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গঠিত কমিটি বিভিন্ন প্রেস থেকে এনসিটিবির বই গ্রহণ, জেলা-উপজেলা, বিদ্যালয় ও শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর বিষয় পর্যালোচনা এবং সব পর্যায়ে সমন্বয় করবে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বই বিতরণের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি, অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে আবারো হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/এএল/এজে/২১৩১ ঘ.