২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের অভিযোগ পুলিশ মামলা হিসাবে নেয়নি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সংঘর্ষের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে বুধবার শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 03:26 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের সংঘর্ষের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে বুধবার শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ছাত্রদল। পুলিশ অভিযোগটি গ্রহণ করলেও তা এখনও মামলা হিসেবে নথিভুক্ত করেনি। ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক এম কামরুজ্জামান এই অভিযোগ দায়ের করেন। কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রদলের মিছিলে 'হত্যার উদ্দেশ্যে' হামলা ও ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুকে মারধরের অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামী করে ওই অভিযোগ দায়ের করা হয়েছে। কামরুজ্জামান বলেন, থানার কর্তব্য কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করলেও এটি মামলা হিসেবে নেননি। থানা থেকে জানানো হয়েছে প্রাথমিক তদন্ত ও যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবারের মধ্যে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত না করলে তারা আদালতে গিয়ে মামলা করবেন বলে জানান কামরুজ্জামান। রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার নুরুল ইসলাম এ বিষয়ে বলেন, "ছাত্রদল একটা অভিযোগ দিয়েছে, আমরা গ্রহণ করেছি। প্রাথমিক তদন্ত ও পর্যালোচনা শেষে তা মামলা হিসেবে নেওয়া হবে কী না সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।" ছাত্রদলের অভিযুক্ত ১৪ জনই বিভিন্ন হলের ছাত্রলীগ নেতা ও কর্মী। তবে তাদের কারোরই সাংগঠনিক পরিচয় অভিযোগে উল্লেখ করা হয়নি। ঢাবিতে সোমবারের সংঘর্ষের পর পুলিশ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমসহ মূল কমিটির পদপ্রাপ্ত আটজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। এর আগে ছাত্রদলের 'বিদ্রোহী' নেতা শেখ আব্দুল হালিম খোকনের স্ত্রী শামীমা লাইজু ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজনকে আসামী করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কলাবাগান থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করেন। ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে সোমবার ঢাবিতে সংগঠনের পদপ্রাপ্ত ও 'বঞ্চিত' পক্ষের মধ্যে বেশ কয়েকঘন্টা ধরে সংঘর্ষ চলে। এসময় ছাত্রলীগের কর্মীরাও সশস্ত্র অবস্থায় মহড়া দেয়। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসকে/২১২২ঘ.