২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ ট্রাকে চাল বিক্রির মাধ্যমে ওএমএস শুরু

ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ৪০টি ট্রাকসহ ডিলারদের মাধ্যমে চাল বিক্রির মাধ্যমে খোলাবাজারে (ওএমএস) বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 02:20 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ৪০টি ট্রাকসহ ডিলারদের মাধ্যমে চাল বিক্রির মাধ্যমে খোলাবাজারে (ওএমএস) বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার থেকে মোট ৫০টি ট্রাকে করে তা চলবে। এছাড়া আগামী শুক্রবার থেকে ৬৫০ জন ডিলারের মাধ্যমে ঢাকা ও এর কাছের তিনটি শ্রমঘন জেলা নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে ওএমএস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স.ম. গোলাম কিবরিয়া। তিনি জানান, এবার ওএমএস এর চাল প্রতি কেজি ২২ টাকা। এক পরিবারের একজন লোক একইসঙ্গে সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারবে। খাদ্য সচিব মোখলেছুর রহমান বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ওএমএস কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি পলাশী মোড়, আজিমপুর কলোনি ছাপড়া মসজিদ ও মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায় ওএমএস ডিলারদের কাছে যান। তিনি ক্রেতা ও বিক্রেতাদের কাছে চালের মান সম্পর্কে খোঁজ নেন। খাদ্য সচিব সাংবাদিকদের এসময় জানান, সঠিকভাবে যাতে কাজ চলে সেজন্য প্রতিটি ট্রাকে খাদ্য বিভাগের একজন করে লোক নিয়োগ করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমান দল এ কার্যক্রম পরিদর্শন করছে। সরকারি গুদামে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে জানিয়ে তিনি আরো বলেন, প্রয়োজনে আগামী বোরো মৌসুম পর্যন্ত এ কার্যক্রম চালানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০১৪ঘ.