২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনএ পরীক্ষায় লাশের পরিচয় শনাক্ত

ডিএনএ পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহের ভালুকায় কারসহ পুড়িয়ে মারা ব্যক্তির পরিচয় পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 07:11 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

গাজীপুর, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিএনএ পরীক্ষার মাধ্যমে ময়মনসিংহের ভালুকায় কারসহ পুড়িয়ে মারা ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। সোমবার ময়মনসিংহের জিআর আদালত কংকালটি স্বজনের কাছে হস্তান্তরের নির্দেশ দিলে পুলিশ নিহতের স্ত্রীর কাছে খবর পঠিয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুল মতিন। গত ২৬ নভেম্বর সকালে তিনি শ্রীপুর থেকে তার প্রাইভেট কারসহ নিখোঁজ হন। মধ্যরাতে ময়মনসিংহের ভালুকার বড় কাশর এলাকায় দুর্বৃত্তরা প্রাইভেটকারসহ তাকে পুড়িয়ে হত্যা করে। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ডে বলে জানিয়েছেন ভালুকা থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিন নিখোঁজ হওয়ার পরদিন গাড়িতে পাওয়া পোড়া লাশটি তার (মতিন) বলে দাবি করেন স্ত্রী হাজেরা খাতুন। কিন্তু পুলিশ নিশ্চিত না হওয়ায় লাশ থানা হেফজতে রেখে দেয়। এ ঘটনায় প্রথমে পুলিশ অপমৃত্যু এবং পরে তার স্ত্রী হাজেরা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ডিএনএ পরীক্ষা হয়। প্রায় দু'মাস পর রোববার পুলিশ ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পায়। চিকিৎসকরা আব্দুল মতিনের ছেলে রাকিবুল হাসানের (৮) সঙ্গে লাশের ডিএনএ'র তুনামূলক পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.