ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের কথিত দুর্নীতি ও অনিয়ম তদন্তে সংসদীয় কমিটির সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের একজন বিচারপতি বিব্রতবোধ করেছেন।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চের এক বিচারপতি বিব্রতবোধ করেন। এরপর মামলাটির নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী এ অবস্থায় প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য অন্য কোনো বেঞ্চে পাঠিয়ে দেবেন।
গত ৯ জুলাই তদন্তের পর জমিরউদ্দিনের বিরুদ্ধে দুর্র্নীতির অভিযোগ এনে তার সদস্য পদ খারিজের সুপারিশ করে ওই সংসদীয় তদন্ত কমিটি।
পরে কমিটির সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক স্পিকার উচ্চ আদালতে রিট করেন।
১৩ অক্টোবর সংসদীয় তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী জমিরউদ্দিন সরকারের সদস্য পদ খারিজের প্রস্তাব নাকচ করে দেয় সংসদ। তবে তার কাছ থেকে অপচয়কৃত সমুদয় অর্থ আদায়সহ তার বিরুদ্ধে আনা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আরো তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠাতে সরকারকে সুপারিশ করে সংসদ।
এর আগে গত ১৯ মার্চ বর্তমান স্পিকার আব্দুল হামিদ অষ্টম সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ ও প্রধান হুইপ খোন্দকার দেলোয়ারের দুর্নীতির অভিযোগ তদন্তে সংসদীয় কমিটি গঠন করেন। আওয়ামী লীগের সাংসদ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের কমিটি প্রায় চার মাস তদন্ত করে ৯ জুলাই সংসদে তদন্ত প্রতিবেদন পেশ করে।
৭৮৪ পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে এ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রমাণ্য দলিলসমূহ সংযুক্ত করা হয়।
এতে বলা হয়, সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার ও প্রধান হুইপ বিভিন্ন খাতে অতিরিক্ত ২ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৫০৬ টাকা খরচ করেছেন। এর মধ্যে জমিরউদ্দিন সরকার ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা, আখতার হামিদ ১ লাখ ২১ হাজার ৭০৩ টাকা এবং খোন্দকার দেলোয়ার হোসেন ৬ লাখ টাকা অনুমোদহীনভাবে চিকিৎসার জন্য নিয়েছেন।
তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই তিনজন তাদের প্রাধিকার বহির্ভুত সরকারি গাড়ি ব্যবহার করে মোট ১ কোটি ৩৩ লাখ, ৩৫ হাজার ৩১ টাকা ব্যয় করেন। এছাড়া সংসদীয় কমিটি না থাকার পরও ২০০৭ সালের জুন মাস পর্যন্ত সংশ্লিষ্ট কমিটির ৪২ জন ব্যক্তিগত সহকারীর বেতন-ভাতা বাবদ ৬২ লাখ ৯৯ হাজার ১২৯ টাকা জমিরউদ্দিন সরকার ব্যয় করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/২১৫৫ ঘ.
bdnews24