২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছিনতাই, হামলায় আহত ২

রাজশাহী নগরীতে একটি মোবাইল ফোন কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে টাকা ও স্ক্র্যাচ কার্ড ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 03:35 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

রাজশাহী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীতে একটি মোবাইল ফোন কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে টাকা ও স্ক্র্যাচ কার্ড ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। সোমবার রাতে নগরীর চণ্ডিপুর কদমতলা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন মোবাইল ফোন অপারেটর বাংলালিংক এর পরিবেশক দেশ কর্পোরেশনের ব্যবস্থাপক ও এক কর্মচারী। পুলিশ জানায়, ছিনতাইকারীরা সাড়ে তিন লাখ টাকা, এক লাখ টাকার স্ক্র্যাচ কার্ড ও দুটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে গেছে বলে মামলার এজাহারে বলা হয়েছে। এ সময় বাধা দেওয়ায় ছিনতাইকারীরা ছুরি ও লোহার রড দিয়ে দুই কর্মচারীকে আঘাত করে। রাজপাড়া থানার ওসি আফজাল হোসেন জানান, লক্ষ্মীপুর এলাকার বাংলালিংক দেশ কর্পোরেশনের ম্যানেজার খোকন ও কর্মচারী বদর আলী মোটরসাইকেলে করে চণ্ডিপুর কদমতলায় প্রতিষ্ঠানের মালিক গোলাম মোস্তফার বাসায় যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। স্থানীয়রা আহত দু'জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওসি জানান, পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় মোহন (২২) নামের ভাটাপাড়া এলাকার একজনকে আটক করা হয়। এই ঘটনায় গোলাম মোস্তফা থানায় একটি মামলা করেছেন বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.