ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ের চাবি সংস্থাটির নির্বাহী প্রধান মাহবুবুল করিমের কাছে হস্তান্তরের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে চাবি হস্তান্তর করতে বলা হয়েছে।
একই সঙ্গে আদালতের স্থিতাবস্থা থাকার পরেও কার্যালয় বন্ধ করে পুলিশের চাবি নেওয়াকে কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করেছে আদালত। এ বিষয়ে আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
চাবি হস্তান্তরের নির্দেশনা চেয়ে মাহবুবুল করিমের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
রিটের শুনানিতে মাহবুবুল করিমের পক্ষে অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, আনিসুল হক ও আব্দুল মতিন খসরু অংশ নেন। কাজী ফারুক আহমেদের পক্ষে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
গত ১১ জানুয়ারি গভীর রাতে প্রশিকা ভবন দখল নেওয়াকে কেন্দ্র করে সংস্থাটির সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ ও বতর্মান চেয়ারম্যান দাবিদার আব্দুল ওয়াদুদ ভূঁইয়া গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়। এর এক দিন পর পুলিশ ওই ভবনে ঢুকে সবাইকে বের করে দিয়ে তা তালাবদ্ধ করে রাখে। বর্তমানে ভবনটি পুলিশের নিয়ন্ত্রণে।
এদিকে সোমবার থেকে প্রশিকার প্রধান কার্যালয়ের আশপাশে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
প্রশিকা ভবন খুলে দেওয়ার আহ্বান
কাজী ফারুক আহম্মেদের নেতৃত্বে প্রশিকা ভবনের তালা খুলে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানিয়েছে কয়েকটি বেসরকারি সংগঠন।
মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে "বাংলাদেশ তৃণমূল এনজিও সংগঠনসমুহ" ব্যানারে এসএসইডিপি নামের একটি সংস্থার প্রধান নির্বাহী হাবিবুর রহমান লিখিত বক্তব্যে বলেন, "কাজী ফারুক আহম্মেদ এটি প্রতিষ্ঠা করেছেন। তাই তাকে উৎখাত কাম্য নয়। এই সমস্যা উভয়পক্ষ মিলে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।"
এসময় প্রশিকা রক্ষায় সভায় স্বাক্ষর সংগ্রহ অভিযান, মানববন্ধন ও সমাবেশের কর্মসূচীও ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিসি/এসকে/২০২০ঘ.
bdnews24