নীলফামারী, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী সীমান্তে তিস্তা নদীর বিরোধপূর্ণ চর পরিদর্শন করেছেন বাংলাদেশ ও ভারতের ভূমি জরিপ কর্মকর্তারা।
মঙ্গলবার নীলফামারীর ডিমলা উপজেলার ঝাড়সিংহেস্বর এলাকার এই চরটি পরিদর্শন করেন দু'দেশের প্রতিনিধিরা। এ সময় উপজেলার পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের জানান, ইউনিয়নের ঝাড়সিংহেস্বর এলাকায় তিস্তায় জেগে ওঠা চরটির আয়তন কমপক্ষে এক হাজার হেক্টর। চরটি ঝাড়সিংহেস্বর চর নামে পরিচিত।
তিনি জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০০১ সালে ঝাড়সিংহেস্বর চরটি দখল করে সীমানা পিলার পুতে দেয়। তখন থেকে বিএসএফ ওই চরটি দখলে রেখেছে। ওই চর নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীর বাহিনীর মধ্যে প্রায় বিরোধ দেখা দেয়।
ইউপি চেয়ারম্যান লতিফ জানান, ভারতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের ভূমি ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক দীপঙ্কর রায় চৌধুরী। বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভূমি ও জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক রফিকুল ইসলাম।
দুদেশের প্রতিনিধিরা একই উপজেলার টেপাখড়িবাড়ী ও খগাখড়িবাড়ী ইউনিয়নের সীমান্তের ৭৯৬ ও ৭৯৭ নম্বর পিলার পরির্দন করেন বলে ইউপি চেয়ারম্যান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.
bdnews24