২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী: শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং তিন আইনজীবীর আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 07:49 AM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং তিন আইনজীবীর আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ মঙ্গলবারের নির্ধারিত শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করে। মঙ্গলবার শুনানিতে দেলোয়ারের কৌঁসুলি টিএইচ খান বলেন, "১৯৮০ সালে আপিল বিভাগ সামরিক শাসন বৈধতা দিয়েছেন। আপিল বিভাগের এই বৈধতা দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তোলার কোনো এখতিয়ার হাইকোর্টের নেই।" সামরিক সরকারকে বৈধতা দিয়ে ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়। সে দিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার। তবে বর্তমান সরকার ওই আপিলের আবেদন প্রত্যাহার করেছে। এ প্রক্রিয়া চলাকালে খোন্দকার দেলোয়ার ও জামায়াতে ইসলামী সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেন। হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্টের ওই রায়ের অভিমতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৫৪৫ ঘ.