২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি নাকচের পর প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত

রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর তিন খুনির প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেওয়ার পর তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 01:28 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর তিন খুনির প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেওয়ার পর তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সচিব মো. শফিউল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে কিছু করার নেই। তাদের (তিন খুনির) আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি।" রোববারই তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান সচিব। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত কারাবন্দি পাঁচ খুনির মধ্যে তিনজন বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন বলে কারা কর্তৃপক্ষ গত ৯ জানুয়ারি সাংবাদিকদের জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামতের জন্য প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। এরপর তা পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে ১২ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পর গত ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন। আইনমন্ত্রী শফিক আহমেদ ১১ জানুয়ারি বলেছিলেন, "বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মতো জঘন্য ঘটনায় জড়িতরা ক্ষমা বা অনুকম্পা পাওয়ার অযোগ্য। তারা কোনোভাবেই প্রাণভিক্ষা পেতে পারেন না।" রায় পুনর্বিবেচনার জন্য আদালতে আবেদনকারী দুইজন এর রায় হওয়ার পর প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন কীনা- এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সেদিন বলেন, "আদালত যদি তাদের আবেদন গ্রহণ করে রায় পুনর্বিবেচনা করেন তবে ভালো। আদালতের রায় হওয়ার পর দেখা যাবে তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া যায়।" ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিক স্বাধীনতা সংগ্রামের নায়ক তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৯২২ঘ.