২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ জানুয়ারির স্থগিত নির্বাচনে ১৯ কোটি টাকার বেশি ব্যয়

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজের নেতৃত্বে ২২ জানুয়ারির স্থগিত নির্বাচনে ১৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে বলে সংসদে জানালেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 01:06 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এম এ আজিজের নেতৃত্বে ২২ জানুয়ারির স্থগিত নির্বাচনে ১৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে বলে সংসদে জানালেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তৎকালীন নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এ অর্থ ব্যয় হওয়ায় ইসির মাঠ কর্মকর্তাদের দায়ী করা ঠিক হবে না বলে মত দিয়েছেন তিনি। সোমবার নওগাঁ-৬ আসনের সাংসদ মো. ইসরাফিল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান। ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্ধারিত ওই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে। এক নির্বাচনের জন্য পাঁচবার তফসিল ঘোষণা করা হয়। পরে ১১ জানুয়ারি স্থগিত করা হয় নির্বাচন কার্যক্রম। নওগাঁর সাংসদ ইসরাফিল আলম জানতে চান, 'প্রহসনমূলক, ষড়যন্ত্রমূলক ও গণবিরোধী' ওই নির্বাচনের উদ্যোগে কত টাকা কোন খাতে এবং কীভাবে ব্যয় করা হয়েছিল। রাষ্ট্রীয় অর্থের 'নিষ্ফল ব্যয়ের' কারণে দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কীনা এবং না নিলে তার কারণ কী-তাও জানতে চান তিনি। এর লিখিত উত্তরে তথ্যমন্ত্রী জানান, ওই নির্বাচনে মোট ১৯ কোটি ৩৫ লাখ ৩৪ হাজার ৫৬৮ টাকা ব্যয় করা হয়েছে। এর মধ্যে রাজস্ব খাতে ১৯,১৪,৭৪,৩৪৮ টাকা এবং রাজস্ব বাজেটের উন্নয়ন খাত থেকে প্রশিক্ষণ সামগ্রী কেনা বাবদ ২০,৬০,২২০ ব্যয় হয়েছে। আবুল কালাম আজাদ জানান, ওই নির্বাচন পরিচালনার জন্য রাজস্ব খাত থেকে ৫৯ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল। ব্যয় শেষে রাজস্ব খাতের ৪০ কোটি ৮১ লাখ চার হাজার ৬৫২ টাকা অর্থ বিভাগে সমর্পণ করা হয়েছে বলে তিনি জানান। তথ্যমন্ত্রী বলেন, "স্থগিত হওয়া ২২ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি ২০০৬ সাল থেকেই নেওয়া হয়। ইসির নির্দেশনা অনুসারে মাঠপর্যায়ে কার্যক্রম গ্রহণসহ মালামাল সংগ্রহ, ব্যালট পেপার মুদ্রণে অর্থ ব্যয় করা হয়। নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিপরীতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়ী করা সমীচীন হবে না।" বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ২০০৫ সালের ২৩ মে সিইসি হিসাবে নিয়োগ পান এমএ আজিজ। বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে আজিজ ছুটিকালীন পদত্যাগ করলে ২০০৭ এর ৪ ফেব্র"য়ারি পুনর্গঠিত হয় নির্বাচন কমিশন। এই দিন এটিএম শামসুল হুদাকে সিইসি নিয়োগ করা হয়। তার নেতৃত্বেই ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/১৮৫৫ঘ.