২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্দর ব্যবহারের অনুমতিতে নিরাপত্তা হুমকির মুখে পড়বে'

ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ায় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 04:47 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

সিলেট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ায় জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী। তিনি বলেন, "অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো- এই ধারণা থেকেই আমরা আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণ মেনে নিয়েছিলাম। কিন্তু তারা ক্ষমতাসীন হওয়ার এক বছরের মাথায় দেশের গণতন্ত্র ও ইসলামের ওপর আঘাত হানতে শুরু করেছে। এমনকি জাতীয় স্বার্থ বিসর্জন দিতেও পিছপা হচ্ছে না।" সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে শনিবার বিকালে এক সমাবশে প্রধান অতিথির বক্তব্যে নিজামী এসব কথা বলেন। তিনি দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ উদ্যোগের প্রতিবাদে সিলেট বিভাগ জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে। নিজামী বলেন, "সরকার একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আমাদের আন্দোলনে নামতে বাধ্য করছে।" টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনের নামে সংসদীয় প্রতিনিধিদল প্রমোদ ভ্রমণ করে এসেছে মন্তব্য করে জামায়াত আমীর বলেন, বাঁধ নির্মাণের প্রাথমিক ধাক্কা লাগবে সিলেটে। কিন্তু তা সারাদেশের জন্যই অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণের মাধ্যমে দেশের স্বার্থ একশ' ভাগ বিসর্জন দিয়ে এসেছেন মন্তব্য করে তিনি বলেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের 'সবগুলো জানালা খুলে দিয়েছেন'। দলের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দেলওয়ার হোসাইন সাঈদী, সাবেক সাংসদ ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী, জমিয়ত নেতা শাহীনুর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের জেলা সভাপতি মজদুদ্দিন আহমদ, জাগপা নেতা মকসুদ আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৩৯ ঘ.