ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফরের বিস্তারিত শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন হবে।
একইদিন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও সংবাদ সম্মেলন ডাকলেও তা পরে একদিন পিছিয়ে দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী বিকাল ৪টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভারত সফরের বিস্তারিত তুলে ধরবেন।
চার দিনের ভারত সফর শেষে গত বুধবার দেশে ফেরেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তার সফরকে শতভাগ সফল বললেও প্রধান বিরোধী দল বিএনপির দাবি, ওই সফর ব্যর্থ হয়েছে।
সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি।
দেশে ফেরার পর বিমানবন্দরে প্রধানমন্ত্রী বলেন, তার সফরে ভারতের সঙ্গে যে সব সমঝোতা হয়েছে তা দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে অবদান রাখবে।
এ সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সফরে মর্যাদাপূর্ণ ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন শেখ হাসিনা। ওই পুরস্কার তিনি জনগণকে উৎসর্গ করেছেন। পুরস্কারের অর্থও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সফরকালে আজমির শরিফও জিয়ারত করেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৩০ ঘ.
bdnews24