গাজীপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বন্ধ কারখানা চালু এবং বকেয়া বেতনের দাবিতে শুক্রবার সকালে টঙ্গীর নিপ্পন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।
শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কারখানাটি বন্ধ ঘোষণার পরদিন গত বছর ৩১ অক্টোবর শ্রমিক বিক্ষোভের জেরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে তিনজন নিহত হয়। এরপর থেকেই কারখানাটি বন্ধ রয়েছে।
পুলিশ ও শ্রমিকরা জানান, গত ৫ জানুয়ারি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নেতারা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলেচনা করে আজ শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে শ্রমিকদের পাওনা পরিশোধের প্রতিশ্রতি দিয়েছিলেন।
সে অনুযায়ী শ্রমিকরা শুক্রবার সকালে ৮টার দিকে এসে কারখানার ফটকে তালা দেখতে পান। কারখানা কর্মকর্তা কিংবা বিজিএমইএ নেতাদের কাউকে না পেয়ে তারা বিক্ষোভ শুরু করেন।
এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে।
পরে পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিকেল ৩টার দিকে পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল আবার শুরু হয়।
তবে টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, শ্রমিকরা আধা ঘণ্টার মত মহাসড়ক অবরোধ করে রেখেছিল।
নিপ্পন কারখানার সুইং অপারেটর শাহনাজ বেগম, পরিচ্ছন্নতাকর্মী লুৎফা বেগম ও লে-আউট ইনচার্জ মো. নাজমূল ইসলাম জানান, শ্রমিকদের না জানিয়ে গত ৩০ অক্টোবর রাতে ১ নভেম্বর পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়।
এ ঘটনার জেরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। এরপর লে-অফ ঘোষণা ছাড়াই কর্তৃপক্ষ আড়াই মাস ধরে কারখানা বন্ধ রেখেছে। তাদের পাওনাও পরিশোধ করা হচ্ছে না।
শ্রমিকরা তিন মাসের বেতনসহ অন্যান্য পাওনা দাবি করছেন।
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ফেরদৌসী বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক পাওনা পরিশোধের ব্যাপারে বিজিএমইএ নেতৃবৃন্দ ও কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই আশ্বাস দিয়ে আসছেন।
রাত সাড়ে ৭টার দিকে গাজীপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (শিল্পাঞ্চল) মো. মনোয়ার হেসেন জানান, বিজিএমইএ'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক মো. আতিকুল ইসলাম, প্রধান সমন্বয়ক মোহসিন উদ্দিন নিরুসহ কয়েকজন নেতা ও টঙ্গী পৌর মেয়র আজমত উল্যাহ খান কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠক শেষে তারা সোমবার শ্রমিকদের এক মাসের বেতন ও গত ঈদের বোনাস হিসেবে পাঁচশ' টাকা করে দেওয়া হবে বলে আশ্বাস দেন। এরপর শ্রমিকরা কারখানা এলাকা ত্যাগ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.
bdnews24