ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণশিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়নে স্থায়ী ফল পেতে জনসাধারণের জীবনে শিক্ষাকে প্রাসঙ্গিক করে তোলার আহবান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান।
শুক্রবার সকাল ১০টায় বাংলা একাডেমী চত্বরে তিন দিনব্যাপী তৃতীয় জাতীয় দেয়াল পত্রিকা উৎসব ও প্রতিযোগিতা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আনিসুর বলেন, "আমরা গণশিক্ষা প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকাকে নিরক্ষরতামুক্ত ঘোষণা করেছি। কিন্তু এ প্রক্রিয়ায় শিক্ষিতরা তাদের শিক্ষাকে ধরে রাখতে পারছে না। এর কারণ এ শিক্ষা তাদের জীবনে প্রাসঙ্গিক নয়।"
দেয়াল পত্রিকার মাধ্যমে ভাষা চর্চার সুযোগ নেওয়া যেতে পারে মন্তব্য করে তিনি বলেন, "আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে। অথচ স্বাধীনতার ৩৮ বছরেও আমরা বাংলা ভাষায় লেখার যোগ্যতাটি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারিনি।"
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমিরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশে ক্রমেই সামাজিক বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। এটা একটি জাতির বিকাশে বড় বাধা হিসাবে কাজ করে। দেয়াল পত্রিকার মাধ্যমে শিশুরা এ ধরনের বিচ্ছিন্নতার কবল থেকে বাঁচতে পারে।
"দেয়াল পত্রিকা শিশুদেরকে জানতে, জানাতে, ভাবতে ও প্রকাশ করতে সাহায্য করে", বলেন তিনি।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, শিল্পী হাশেম খান, উদ্দীপন বিদ্যালয়ের অধ্যক্ষ শ্যামলী নাসরিন চৌধুরী, বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার আখন্দ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোচনা পর্ব শেষে উৎসব ফলকে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়।
শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথমদিনের প্রদর্শনী উন্মুক্ত থাকবে। শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং রোববার দুপুর ১টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনী চলাকালে দেয়াল পত্রিকার সম্পাদকদের সঙ্গে শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় শতাধিক দেয়াল পত্রিকা অংশ নিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মোতাহার আখন্দ।
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রকাশিত 'শিশির' পত্রিকার সম্পাদক মো. কেফায়েতুল্লাহ (৮ম শ্রেণী) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই উৎসবে অংশ নেওয়ার অনুপ্রেরণা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমি আজীবন লেখালেখির সঙ্গে থাকতে চাই।"
২০০৮ সালের ১৩ ও ১৪ জানুয়ারি বাংলা একাডেমী চত্বরে প্রথম জাতীয় দেয়াল পত্রিকা উৎসবের আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৬৫০ ঘ.
bdnews24