ব্রাহ্মণবাড়িয়া/সিলেট, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট থেকে কুমিল্লা যাওয়ার পথে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় পড়েছেন লেখক-শিক্ষক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। তিনি অক্ষত থাকলেও এতে আহত হয়েছেন তার সহকর্মী ড. সুজয় চক্রবর্তী।
ভোরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বীরপাশা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
দুর্ঘটনার পর দুপুরে অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি সুস্থ আছেন এবং বাসায় ফিরেছেন।
তবে তার সহকর্মী সুজয়কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যাপক জাফর ইকবালকে বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে সামনে থাকা একটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ কিছুটা দুমড়ে-মুচড়ে যায়।"
আহত ড. সুজয়কে প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সিলেটে পাঠানো হয় বলে মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, গাড়ির ধাক্কায় জাফর ইকবালও ঘাড়ে ও হাতে চোট পেয়েছেন। তবে তা গুরুতর নয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ইকবাল সহকর্মী সুজয়কে নিয়ে কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ওই গাড়িতে চালকসহ আরো কয়েকজন থাকলেও কেউ খুব একটা আহত হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24