ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে।
শুক্রবার ভোররাতে বিটঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গণি সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মধ্যে জেলার ডাকাত সর্দার টাইগার সামাদও রয়েছেন।
অপর দুজন হচ্ছে- মফিজ (৩৮) ও ইলিয়াস (৩৯)।
পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার এবং ডাকাত দলের সহযোগী সন্দেহে বিউটি বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে।
বিটঘর এলাকার সংগ্রাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে ২০/২৫ জন ডাকাতকে গ্রামবাসী ঘিরে ফেলে। ওই সময় দলের চারজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়।"
পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই জনতা তিন ডাকাতকে ব্যাপক মারধর করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায় বলে জানিয়েছেন নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামবাসীর হাত থেকে শুধু বিউটিকে উদ্ধার করা গেছে। অপর তিনজন তার আগেই গণপিটুনিতে মারা যায়।"
রূপক সাহা জানান, ডাকাতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং ৯ রাউন্ড গুলি পাওয়া গেছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত সামাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24