২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দ দূষণ ও কালো ধোঁয়ার জন্য ১৩ গাড়িকে জরিমানা

শব্দদূষণ ও কালো ধোঁয়া নির্গমনের জন্য বৃহস্পতিবার রাজধানীতে ১৩টি গাড়িকে জরিমানা করেছে ভাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2010, 07:43 AM

Updated : 24 Aug 2022, 06:10 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব্দদূষণ ও কালো ধোঁয়া নির্গমনের জন্য বৃহস্পতিবার রাজধানীতে ১৩টি গাড়িকে জরিমানা করেছে ভাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তর পরিচালিত এ আদালত বৃহস্পতিবার রাজধানীতে কাজ শুরু করে। লোকবলের অভাবে প্রতিদিন আদালতের কাজ চালানো যাচ্ছে না জানিয়ে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জামশেদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৬ জানুয়ারি পুনরায় আদালত অভিযান চালাবে। সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর-গাবতলী লিঙ্করোডে (হাউজিং রিসার্চ সেন্টারের সামনে) এলাকায় ভ্রাম্যমাণ আদাতের অভিযান চলে। ১৩টি গাড়িকে জরিমানার কথা জানিয়ে জামশেদ আহমদ বলেন, দূষণের জন্য দায়ী গাড়িগুলোর বিরুদ্ধে মামলার পাশাপাশি তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্নও খুলে নেওয়া হয়। তিনি জানান, প্রতিমাসে অন্তত দুই দিন আদালতের অভিযান চলবে। চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিলি এবং গাড়িতে পরিবেশ সচেতনতামূলক স্টিকারও সেঁটে দেওয়া হয়। আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম আবুল বাসার মো. ফখরুজামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইন অনুযায়ী শব্দ দূষণের জন্য প্রাথমিকভাবে দায়ীদের সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। পুনরায় এ ঘটনার জন্যে সর্বোচ্চ ১০ হাজার টাকা, অথবা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয়দণ্ডের শাস্তির বিধান রয়েছে। কালো ধোঁয়ায় পরিবেশ দূষণের জন্য জরিমানা দুইশ' টাকা। এ দণ্ড দায়ীদের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিদর্শক আব্দুর। ভাম্যমাণ আদালতের অভিযানে ঢাকা মহানগর পুলিশের পাশাপাশি বিআরটিএ ও বাংলাদেশ স্কাউটস সহায়তা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫২৩ ঘ.