ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সফর শতভাগ সফল দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার এ সফরে যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে তা কেবল ভারত ও বাংলাদেশের নয়, বরং এ অঞ্চলের দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে অবদান রাখবে।
চারদিনের সফরশেষে ফিরে বুধবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "এই সফরের লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা।"
"ভারতের সঙ্গে যেসব সমঝোতা হয়েছে তা কেবল দুই দেশের নয়, বরং এ অঞ্চলের দরিদ্র জনগণের ভাগ্য উন্নয়নে অবদান রাখবে", বলেন তিনি।
নয়া দিল্লি সফরের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে এ ছাড়াও সন্ত্রাসবাদ দমন, ট্র্যানজিট ও টিপাইমুখ বাঁধ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
সন্ত্রাসবাদ দমন বিষয়ে শেখ হাসিনা বলেন, "এটা শুধু ভারত বা বাংলাদেশের সমস্যা নয়, এটা দক্ষিণ এশিয়া ও গোটা বিশ্বের সমস্যা। তাই আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এ সমস্যার মোকাবেলা করতে হবে।"
এজন্য তার সরকার সম্ভাব্য সব কিছু করবে বলে জানান তিনি।
চট্টগ্রাম ও মংলা বন্দর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "এ দুটি বন্দর শুধু ভারতের ব্যবহারের জন্য নয়, আঞ্চলিক বন্দর হিসেবে উন্মুক্ত করে দেওয়া হবে।"
এছাড়া ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধের বিষয়ে সেদেশের সরকার বাংলাদেশের ক্ষতি হবে এমন কিছু করবে না বলে নিশ্চিত করেছে বলেও জানান তিনি।
এসময় ভারত সফরে গিয়ে গ্রহণ করা ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করার ঘোষণা দেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সংসদে প্রধানমন্ত্রীর সফরের নানা দিক অবহিত করবেন।
বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী ৫টা ৪০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১৫৬ঘ.
bdnews24