ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভালো ফলনের লক্ষ্যে বোরোর সেচ পাম্পগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করবে সরকার। এ জন্য প্রয়োজনে শহরে লোডশেডিং বাড়ানো হবে।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এতে শহরের মানুষ অসন্তুষ্ট হলেও সরকার তা করবে।
বোরো মৌসুমে সেচ ব্যবস্থা নিয়ে বুধবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। এতে সিদ্ধান্ত হয়েছে, বোরোর বাম্পার ফলন নিশ্চিত করতে ফেব্র"য়ারি থেকে মে মাস পর্যন্ত সেচ কাজের জন্য বিদ্যুত সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা হবে।
ফলে শহর এলাকায় রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত লোডশেডিং বাড়িয়ে সেচ পাম্পগুলোতে বিদ্যুত সরবরাহ করা হবে।
সভা শেষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, "শহরে বিদ্যুত সরবরাহ কমিয়ে গ্রামে সেচের জন্য বিদ্যুত দিতে গেলে মানুষ গালাগালি করতে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এ কাজটি করবো। এতে যদি গালিগালাজ শুনতেও হয়, আমরা সিদ্ধান্তে অনড় থাকবো।"
রাস্তাঘাট, সিএনজি স্টেশনসহ দোকানগুলোতে কম বাতি জ্বালানো এবং শীতাতপ যন্ত্রের ব্যবহার কমিয়ে সেচ কাজের জন্য বিদ্যুতের চাহিদা মেটানো হবে বলে জানান তিনি।
সভায় জানানো হয়, এ বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮৭ লাখ মেট্রিক টন। ২ লাখ ৫৯ হাজার ৪৪টি বিদ্যুত চালিত এবং ১৪ লাখ ২৫ হাজার ৯১৮টি ডিজেল চালিত সেচ যন্ত্রের মাধ্যমে বোরো চাষ করা হবে। এ জন্য বিদ্যুতের প্রয়োজন হবে দৈনিক ১ হাজার ৬৬৪ দশমিক ৯৪ মেগাওয়াট।
দেশে দৈনিক বিদ্যুতের গড় উৎপাদন ৪ হাজার মেগাওয়াটের কিছু বেশি।
মতিয়া বলেন, "সরকার এবারো ডিজেলে ভর্তুকি দেবে। কৃষকদের জন্য যে কার্ডের ব্যবস্থা করা হয়েছে, তার মাধ্যমেই এসব ভর্তুকির টাকা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।"
সরকারের পক্ষ থেকে বোরো উৎপাদনের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এসব পদক্ষেপের কারণে তা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, "কৃষিতে সেচের জন্য অতিরিক্ত বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে গেলে শহরে ওই সময় লোডশেডিং কিছুটা বাড়বে। সাময়িকভাবে কিছুটা অসুবিধা হলেও তা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বোরোর বাম্পার ফলন দ্রব্যমূল্য সহনীয় রাখতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, "বৃষ্টি হলে কৃষি কাজে বিদ্যুতের চাহিদাও কমে যাবে।"
বিদ্যুতের ট্রান্সফরমার চুরি রোধে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "আগামী সাতদিনের মধ্যেই চুরি হওয়া ট্রান্সফরমারগুলো পুনঃস্থাপন করা হবে। ট্রান্সফরমার না থাকার অজুহাতে কেউ বিদ্যুত পাবে না, তা হবে না।"
কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ, জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন, বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ ও কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং-এর মহাপরিচালক আনোয়ার ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬৫০ ঘ.
bdnews24