ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে একদল কর্মচারী বুধবার দুপুর থেকে ঢাকা মেডিকেল কলেজের পরিচালককে অবরুদ্ধ করে রাখে।
বিকাল ৩টা পর্যন্ত পরিচালককে অবরুদ্ধ করে রাখার পরে কর্মচারীরা তাদের অবস্থান ধর্মঘট তুলে নিলে পরিচালক মুক্ত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি আব্দুল খালেকসহ ৫০/৬০ জন দুপুর দেড়টার দিকে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরকে তার কক্ষে অবরুদ্ধ করে।
তাদের দাবি, প্রায় দু'শ' কর্মচারী নিয়োগের যে প্রক্রিয়া চলছে, তা বাতিল করতে হবে।
ঘটনাস্থলে থাকা শাহবাগ থানার ওসি রেজাউল করিম সোয়া ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মচারীরা বিক্ষোভ করছে, পরিচালক অবরুদ্ধ।
হাসপাতালের প্রশাসনিক ভবনের ফটক বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা। তবে মূল ফটক ও জরুরি বিভাগের ফটক খোলা রয়েছে। হৈ হট্টগোলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬১০ ঘ.
bdnews24