নয়া দিল্লি থেকে সুমন মাহবুব ও প্রতিনিধি
নয়া দিল্লি, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সহযোগিতা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দু'দেশের সব অমীমাংসিত ইস্যুর নিষ্পত্তিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তারা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে অভিন্ন কল্যাণের লক্ষ্যে ভবিষ্যতের জন্য একটি রূপকল্পের ব্যাপারেও একমত হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে মঙ্গলবার নয়া দিল্লিতে প্রকাশিত এক যৌথ ইশতেহারে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, হাসিনা ও মনমোহন এ বিষয়টি স্বীকার করেছেন যে দু'দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য। এই প্রেক্ষাপটে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে আরো নিবিড় সহযোগিতা এবং দুদেশের জনগণের কল্যাণে নিজেদের সম্পদের কার্যকর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
তারা ভবিষ্যতের জন্য পারস্পরিক অভিন্ন রূপকল্পের আলোকে দু'দেশের উন্নয়নের লক্ষ্যে সহযোগিতার একটি সমন্বিত কাঠামোর ব্যাপারেও একমত হন। যাতে পানি সম্পদ, বিদ্যুৎ , পরিবহন ও যোগাযোগ প্রতিষ্ঠা, পর্যটন এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
দুই প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছেন। এ প্রসঙ্গে তারা উল্লেখ করেন যে, উভয় দেশই নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে। কারণ, সন্ত্রাসী, জঙ্গি ও অপরাধীদের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। দুই নেতা নিরাপত্তা ইস্যুতে দু'দেশের কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তার উপরও গুরুত্ব দেন।
দুই নেতা পরস্পরকে আবারো এই আশ্বাস দিয়েছেন যে, তারা নিজেদের ভূখণ্ড অপরের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ড চালানোর কাজে ব্যবহৃত হতে দেবেন না। সেইসঙ্গে দেশী বা বিদেশী সন্ত্রাসী/জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী গ্র"প ও তাদের সহযোগীদের প্রশিক্ষণ, আশ্রয় ও অন্যান্য তৎপরতার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেওয়ার অঙ্গীকার করা হয়।
যৌথ ইশতেহারে বলা হয়, আন্তঃসীমান্ত অপরাধ দমনের প্রয়োজনীয়তার বিষয়টি স্বীকার করে হাসিনা এবং মনমোহন একমত হন যে, উভয় দেশের সীমান্ত রক্ষা বাহিনী এব্যাপারে ভূমিকা রাখবে। তারা আন্তঃসীমান্ত অবৈধ কর্মকাণ্ড বন্ধে দুদেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠক অনুষ্ঠানের উপর গুরুত্ব দেন।
সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিরসনের ব্যাপারে দুই প্রধানমন্ত্রী আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা চিহ্নিত করার প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হয়েছেন।
সড়ক ও রেলপথে ভারত থেকে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার করতে দেবে বলে দু'দেশের মধ্যে মতৈক্য হয়েছে। নেপাল এবং ভুটানকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার আগ্রহের কথাও ভারতকে জানিয়েছে বাংলাদেশ।
শুষ্ক মওসুমে তিস্তা নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় উভয় পাশের মানুষের দুর্দশার বিষয়টি স্বীকার করে নিয়ে দুই প্রধানমন্ত্রীই তিস্তার পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত আলোচনা দ্রুততার সঙ্গে শেষ হওয়া উচিত বলে অভিমত দেন। তারা নিজ নিজ পানিসম্পদ মন্ত্রীকে এই কোয়ার্টারেই যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠানেরও নির্দেশ দিয়েছেন। যৌথ নদী কমিশন ফেনী, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার নদী সংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও আলোচনা করবে।
বন্যা নিয়ন্ত্রণ ও নাব্যতা বাড়ানোর জন্য দেশের নদীগুলো খননের জন্য বাংলাদেশ সরকারের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা দিতে সম্মত হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। ভারত এ ব্যাপারে জরুরি ভিত্তিতে বাংলাদেশকে ড্রেজার দিতেও রাজি হয়েছে। বাংলাদেশ ৯টি ড্রেজার প্রয়োজন বলে ভারতকে জানিয়েছে।
বিতর্কিত টিপাইমুখ বাঁধের ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী আবারো এই আশ্বাস দিয়েছেন যে, প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্পের ক্ষেত্রে ভারত এমন কোনো পদক্ষেপ নেবেনা যাতে বাংলাদেশের ক্ষতি হবে।
যৌথ ইশতেহারে বলা হয়, ভারত তার কেন্দ্রীয় গ্রিড থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করতে রাজি হয়েছে। এই প্রেক্ষাপটে দুই প্রধানমন্ত্রী আন্তঃগ্রিড সংযোগ ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ থেকে পণ্য আমদানি উৎসাহিত করার লক্ষ্যে উভয় দেশ শুল্ক ও অশুল্ক বাধা অপসারণের ব্যাপারে একমত হয়েছে। দু'দেশের মধ্যে যৌথ উদ্যোগে বিনিয়োগকে উৎসাহিত করার ব্যাপারেও মতৈক্য হয়।
দুই প্রধানমন্ত্রী আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তারা সার্ককে আরো কার্যকর সংস্থায় পরিণত করার লক্ষ্যে একযোগে কাজ করার ব্যাপারেও মতৈক্যে পৌঁছেন।
ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একশ' কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে ইশতেহারে বলা হয়। বাংলাদেশের রেলওয়ে অবকাঠামো, বিজি লোকোমেটিভ ও যাত্রীবাহী রেলের বগি সরবরাহ, বাস সংগ্রহসহ বেশকিছু প্রকল্পে এ ঋণের অর্থ ব্যয় হবে।
এছাড়া ভারত সরকার সেদেশের বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইন্সটিটিউটে অধ্যয়ন ও প্রশিক্ষণের জন্য বাংলাদেশকে বছরে ৩শ' বৃত্তি দেবে। এসব বৃত্তির মেয়াদকাল হবে পাঁচ বছর। পারস্পরিক পরামর্শের ভিত্তিতে এই সংখ্যা আরো বাড়ানো যেতে পারে বলে যৌথ ইশতেহারে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/প্রতিনিধি/এইচএ/০০২৪ ঘ.
bdnews24