২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুদ্ধাপরাধের আরেকটি মামলা

১৯৭১ সালে মুক্তিযোদ্ধা দুই ভাই ও তাদের বাবাকে হত্যার অভিযোগে বাগেরহাটের একটি আদালতে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 03:20 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

বাগেরহাট, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা দুই ভাই ও তাদের বাবাকে হত্যার অভিযোগে বাগেরহাটের একটি আদালতে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে জেলার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ সুতালড়ি গ্রামের শহীদ তসিম উদ্দিনের ভাইঝি সূর্যবান বিবি। মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে আগের দিন বাগেরহাটে জামায়াতে ইসলামীল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলনা আবুল কালাম মুহাম্মদ ইউসুফের বিরুদ্ধে একটি মামলা হয়। গত মাসে তার বিরুদ্ধে একই অভিযোগে আরেকটি মামলা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় হত্যা, নির্যাতন, লুটপাট ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের অভিযোগে বাগেরহাটে বেশ কয়েকটি মামলা হয়েছে। সূর্যবানের করা মামলাটি আমলে নিয়ে হাকিম ইয়াররব হোসেন মোরেলগঞ্জ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। এই মামলার আসামিরা হলেন- দক্ষিণ সুতালড়ি গ্রামের আব্দুস সাত্তার খান (৭০), মো. মোতালেব হোসেন খান (৬০), ওলিউর রহমান (৫৮), নূর ইসলাম শেখ (৬২), নাজিম উদ্দিন (৬৫) ও হাবিবুর রহমান খান (৬৮)। মামলার এজাহারে বাদি বলেন, তার দুই চাচাতো ভাই সিরাজ উদ্দিন ও সইজ উদ্দিন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। এটা জানতে পেরে আসামিরা ১৯৭১ সালের জুলাই মাসে তার চাচা তসিম উদ্দিনকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। ওই বছর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীনের পর তার দুই চাচাতো ভাই আগ্নেয়াস্ত্র জমা দিয়ে বাড়ি ফেরেন। তিনদিন পর ১৯ ডিসেম্বর আসামিরা তাদের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা দুই মুক্তিযোদ্ধা সহোদরকে ধরে নিয়ে পাশের তেতুলবাড়িয়া বাজারে নিয়ে জবাই করে হত্যা করে। এ সময় আসামিরা বাদির বাবা হাসেন সরদার ও ফুফাতো ভাই জেন্নাত সরদার, মকবুল সরদার ও ময়েন উদ্দিন সরদারকে মারধর করে। বাদি আরো অভিযোগ করেন, আসামিরা এখনো তাদের পরিবারের বেশ কিছু জমি দখল করে আছে। মোরেলগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের আদেশটি এখনও থানায় এসে পৌঁছায়নি। পৌঁছালে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.