২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট হত্যা মামলায় ওসি রফিককে জিজ্ঞাসাবাদের অনুমতি

রাজধানীর মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 03:11 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা মামলায় কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রের্কডিং কর্মকর্তা (জিআরও) আবদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি রফিক বর্তমানে কাফরুলের কলেজ ছাত্র কামরুল ইসলাম মমিন হত্যা মামলায় কারাগারে আটক আছেন। মঙ্গলবার বিকেলে ঢাকার মহানগর হাকিম নজরুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জ্যেষ্ঠ বিশেষ সুপারিনটেনডেন্ট আবদুল কাহার আকন্দকে এ অনুমতি দেন। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কাহার এ আবেদন করেন। ওসি রফিক ২০০৫ সালের ১৬ অক্টোবর কাফরুলের কলেজ ছাত্র মমিন হত্যা মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক ওইদিনই তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মমিন হত্যা মামলার বিচার চলছে ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এছাড়া আহত হন আরও কয়েকশ'। ওই হামলার ঘটনায় প্রথমে মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়। পরে অভিযোগপত্র জমা দেওয়া হলে বিস্ফোরক ও হত্যার ধারায় তা আলাদা দুটি মামলায় রূপান্তরিত হয়। বর্তমানে এই দুুটি মামলারই অধিকতর তদন্তের কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২১০৮ঘ.