ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি দেশের সাতটি বন্দর পরিদর্শন করতে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান নূর ই আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি যশোরের বেনাপোল স্থল বন্দর পরিদর্শন শেষে ভারতে প্রবেশ করেন। পরে দলটি সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল স্থল বন্দর পরিদর্শন করেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।
তিনি জানান, প্রায় দু'সপ্তাহ দীর্ঘ এ সফরে প্রতিনিধি দলটি ভারতের মুম্বাই সমুদ্র বন্দর, শ্রীলংকার কলম্বো বন্দর, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও পেনাং বন্দর, চীনের সাংহাই সমুদ্র বন্দর ও হংকং সমুদ্র বন্দর পরিদর্শন করবেন।
চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর এবং প্রস্তাবিত সোনাদিয়ার গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনাসহ দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা অর্জনের জন্য প্রতিনিধি দলটি পাঁচটি দেশ পরিদর্শন করছে বলে জানানো হয়েছে।
নৌপরিবহন মন্ত্রী ও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম, শামসুল হক চৌধুরী ও নজরুল ইসলাম, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল কুদ্দুস, মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর এম ফারুক এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর রিয়াজ উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০১৭ঘ.
bdnews24