মুন্সীগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের গজারিয়া ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী লুটের ২৬৫ বস্তা পলিমার ব্যাগ, তিনটি মোবাইল ফোন সেট, একটি টেলিভিশন ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গজারিয়া থানার ওসি এ কে এম শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতরা গজারিয়া উপজেলার বক্তারকান্দি নামক স্থানে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ-নেদারল্যান্ড যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত পলিব্যাগ কারখানায় ডাকাতির সঙ্গে জড়িত।
এরা হলেন- মনির হোসেন (৩৫), জাকির হোসেন (৩২), আসম আলী (৬০), মোজাম্মেল হক (৫২), জহির আহমেদ (৩১), আজিজুল ইসলাম (৩৬), নুর হোসেন (৪৫) ও আমির হোসেন (৩০)।
দলটি এই অঞ্চলে বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত। আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৯ ঘ.
bdnews24