চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করা বিপুল পরিমান মাদকদ্রব্য মঙ্গলবার ধ্বংস করা হয়েছে।
গত বছরের ১৯ অক্টোবর থেকে এ বছরের ১১ জানুয়ারি পর্যন্ত ২ মাস ২৬ দিনে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা এসব মাদকদ্রব্য ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের সদর দপ্তরে ধ্বংস করা হয়।
এসব মাদ্রকদ্রব্যের দাম প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জায়েদ হোসেন।
মাদকদ্রব্যের মধ্যে ছিল- নয় হাজার ৩৭২ বোতল ফেনসিডিল, ২৭১ বোতল বিভিন্ন ধরনের মদ, প্রায় ৭৫ কেজি গাজা, ৫০টি নেশা জাতীয় ইঞ্জেকশন ও প্রায় সাড়ে পাঁচ কেজি হেরোইন।
মাদকদ্রব্য ধ্বংসের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিডিআর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৫০ ঘ.
bdnews24