২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেহেরু, ইন্দিরা, রাজীবের সমাধিস্থলে হাসিনার শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে ভারতের তিন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন। নয়া দিল্লি থেকে জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 05:34 AM

Updated : 24 Aug 2022, 06:08 PM

সুমন মাহবুব নয়া দিল্লি থেকে নয়া দিল্লি, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে নয়া দিল্লিতে ভারতের তিন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে আইটিসি মৌর্য হোটেল থেকে শেখ হাসিনা প্রথমে যান জওহরলাল নেহেরুর সমাধিস্থল শান্তিবান- এ। এরপর নেহেরুকন্যা ইন্দিরার সমাধিস্থল শক্তিশাল- এ যান তিনি। পরে তিনি শ্রদ্ধা জানান ইন্দিরাপুত্র রাজীবের সমাধিস্থল বীরভূমি-এ। তিন নেতার সমাধিস্থলে ফুল দেওয়ার পর প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। ওই সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, উপদেষ্টা এইচ টি ইমাম ও মশিউর রহমান, ছেলে সজীব ওয়াজেদ, বোন শেখ রেহানা প্রমুখ। দুপুরের আগে হোটেলে শেখ হাসিনার সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের দেখা করার কথা রয়েছে। গত শতকের '৯০ এর দশকের শেষ নাগাদ প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার সময় গুজরালের সঙ্গে শেখ হাসিনার বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন হাসিনা। এছাড়া ভারতের ব্যবসায়ীদের দেওয়া একটি সংবর্ধনা সভায়ও তার যোগ দেওয়ার কথা রয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে রোববার ভারত আসেন শেখ হাসিনা। সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করেন তিনি। হাসিনা ও মনমোহনের মধ্যে প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকের পর বিভিন্ন অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং ২০১০-১২ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দু'টি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। চারদিনের সফর শেষে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১১১৫ ঘ.