ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শিশুটির বাবা মোটর ওয়ার্কশপ কর্মচারী নোমান খান জানান, রোববার দুপুরে তার স্ত্রী সালমা বেগম (২৮) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে একটি ছেলে সন্তান প্রসব করেন। খালি বিছানা না থাকায় তাকে বারান্দায় (এক্সট্রা বেড) থাকতে দেওয়া হয়। রাত নাগাদ এক মহিলা সালমার সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং তার পাশেই ঘুমান।
সকালে সালমা তন্দ্রাচ্ছন্ন থাকা অবস্থায় ওই মহিলা বাচ্চা নিয়ে পালিয়ে যান। সালমা ঘুম ভেঙে ব্যাপারটা বুঝতে পেরে ব্যস্ত হয়ে খোঁজাখুজি করতে থাকেন। পরে মূল ফটকে এসে জানতে পারেন ওই মহিলা বাচ্চাটি নিয়ে কিছুক্ষণ আগে বের হয়ে গেছে।
এটি তাদের চতুর্থ সন্তান বলে জানান নোমান।
নোমান জানান, তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে জানানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে অভিযোগ করেছেন।
তবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি এরকম কোনও অভিযোগ শোনেননি।
এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, "সকালে শিশু চুরির অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি শাহবাগ থানায় জানিয়েছি। শাহবাগ থানা থেকে একজন কর্মকর্তা এসে তথ্য-উপাত্ত নিয়ে গেছেন। তারা এখন তদন্ত করছে।"
এ বিষয়ে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০১৫৫ঘ.
bdnews24