ঠাকুরগাঁ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নতুন করে শৈত্যপ্রবাহ শুরুর পর উত্তরের জেলাগুলোতে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে।
ঠাকুরগাঁওয়ে শীতজনিত অসুস্থতায় গত দুদিনে মোট তিনজন এবং কুড়িগ্রামে রোববার সকাল থেকে ২৪ ঘন্টায় দুজনের মৃত্যু হয়েছে।
আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আবহাওয়া কর্মকর্তারা পূর্বাভাস দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর
ঠাকুরগাঁও: শনিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত শীতজনিত অসুস্থতায় তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের সমির উদ্দিন (৭০), তপন (৬৫) এবং বেংরোল গ্রামের মনবালা (৬৮)।
রায়পুর ইউপি চেয়ারম্যান নূরল ইসলাম শীতজনিত অসুস্থতায় তিনজনের মৃত্যুর খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। চলতি বছর শীত শুরুর পর এ নিয়ে ঠাকুরগাঁওয়ে মোট ২৩ জনের মৃত্যু হলো।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. খাইরুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাধারণত এ ধরনের তীব্র মাত্রার শীতে বৃদ্ধ মানুষের শরীরের রক্ত চলাচল বেড়ে যায়। আর এর প্রভাবে অধিকাংশ ক্ষেত্রেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হচ্ছে।"
রোববার ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে তীব্র শীত ও ঘন কুয়াশা পড়তে শুরু করে। সোমবার ভোর থেকে দমকা হাওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়তে থাকে। পুরো দিনই সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার মেঘ ও পশ্চিমের ঠান্ডা বাতাসে পুরো জেলায় জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতির হার অনেক কম।
হতদরিদ্র মানুষেরা শীতবস্ত্রের আশায় দিনভর উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জনপ্রতিনিধিদের কার্যালয়ে ভিড় করেছেন।
জেলা প্রশাসক শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, "পরিস্থিতি মোকাবেলায় ২৭ হাজার কম্বল চেয়ে মন্ত্রণালয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে। তিনদিন আগে তিনশ' কম্বল এবং চার লাখ টাকা পাওয়া গিয়েছিলো। ওই টাকা দিয়ে কম্বল কেনা হবে।"
আঞ্জুমানে মফিদুল ইসলাম, কয়েকটি এনজিও এবং বেসরকারি দুটি ব্যাংক কর্তৃপক্ষও আলদাভাবে কিছু কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে।
কুড়িগ্রাম: শীতজনিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন দু'জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- আব্দুস ছাত্তার (৫০) ও রাশেদ (১০ মাস)। চলতি শীত মওসুমে এ নিয়ে মোট ১৩ জনের মৃত্যু হলো।
সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কে কে পাল জানান, শৈত্য প্রবাহের কারণে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘন্টায় (রোববার সকাল থেকে সোমবার সকাল) ডায়রিয়া আক্রান্ত পাঁচ এবং নিউমোনিয়া আক্রান্ত তিন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার রাতে হাসাপাতালে চিকিৎসাধীন দুজন মারা গেছে।
রংপুর আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তা আতিকুর রহমান জানান, সোমবার সারাদিন জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
জেলা ত্রাণ কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচ হাজার কম্বল, পাঁচশ' চাদর, পাঁচশ' সোয়েটার এবং দুইশ' পুরাতন পোশাক বিতরণ করা হয়েছে। এছাড়া সোমবার নতুন করে আরও দুই হাজার কম্বল বরাদ্ধ পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/২২১৮ ঘ.
bdnews24