২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাছচোরদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে সোমবার সকালে গাছচোরদের হামলায় বন কর্মকর্তাসহ নয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

মৌলভীবাজার, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে সোমবার সকালে গাছচোরদের হামলায় বন কর্মকর্তাসহ নয়জন আহত হয়েছেন। চোরেরা বনকর্মীদের কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পালানোর সময় মকবুল নামে এক গাছচোরকে আটক করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে জাতীয় উদ্যানের কালাছড়া বনবিটের ভেড়াছড়া এলাকায় কমলগঞ্জ উপজেলার সরইবাড়ী গ্রামের মকবুল মিয়া ও আব্দুল লতিফের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি দল সেগুনসহ নানা জাতের মূল্যবান গাছ ও বাঁশ কাটছিল। খবর পেয়ে কালাছড়া বনবিট কর্মকর্তা মনজুরুল আলম বনকর্মীদের নিয়ে গাছচোরদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে চোরেরা বনকর্মীদের ওপর হামলা চালায়। আহতরা হলেন- কালাছড়া বনবিট কর্মকর্তা মনজুরুল আলম, বনকর্মী মাখন উড়াং, আহমদ মিয়া, বাচ্চু মিয়া, আহমদ পাটোয়ারী, বন প্রহরী মামুন বিল্লাহ, মোসলেহ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মোশাহিদ আলী ও এলাকার বাসিন্দা নুরু মিয়া। বন কর্মকর্তা আজহারুল জানান, আহতদের মধ্যে বনবিট কর্মকর্তা মনজুরুল আলম ও বনপ্রহরী মামুন বিল্লাহকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, হামলার সময় বনপ্রহরী মামুন বিল্লাহর কাছ থেকে গাছচেরেরা একটি রাইফেল ছিনিয়ে নেয়। এরপর তারা কেটে ফেলা গাছ ও বাঁশ নিয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে বনরক্ষীদের ধাওয়ার মুখে ছিনিয়ে নেওয়া রাইফেল ফেলে গাছচোরের দল পালানোর চেষ্টা করে। এ সময় মকবুল মিয়াকে আটক করা হয়। উদ্ধার করা হয় কেটে ফেলা গাছ-বাঁশ। আজহারুল ইসলাম বলেন, "খবর পেয়ে কালাছড়া বনবিট কর্মকর্তাসহ বনকর্মীদের সাহায্যার্থে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।" এ ঘটনায় থানায় মামলার পাশাপাশি বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠানো হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.