ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৩৯ টি বেঞ্চ পুনর্গঠনের সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের জন্য প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী নেতারা।
রোববার দুপুরে টিএইচ খানের নেতৃত্বে প্রধান বিচারপতি এম তাফাজ্জল ইসলামের সঙ্গে দেখা করে তারা এ দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, মাহবুব উদ্দিন আহমাদ, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, খোন্দকার মাহবুবউদ্দিন এবং মাহবুব উদ্দিন খোকন।
প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে টিএইচ খান সাংবাদিকদের বলেন, "গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাইকোর্ট বিভাগের ৩৯ টি বেঞ্চের পুনর্গঠন করেছেন। তার এ সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছি আমরা। তিনি এ বিষয়টি খতিয়ে দেখবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।"
টিএইচ খান বলেন, "কেউ কেউ বলছেন অ্যাটর্নি জেনারেলের চাপের মুখেই প্রধান বিচারপতি বেঞ্চগুলোর পুনর্গঠন করেছেন। শত বছরের প্রথা ভেঙে সিনিয়র বিচারপতিদের কাছ থেকে ফৌজদারী মোশন ও রিট মোশনের ক্ষমতা কেড়ে নিয়ে জুনিয়র বিচারপতিদের দেওয়া হয়েছে।"
বিএনপিপন্থী এ আইনজীবী নেতা আরও বলেন, "এতে করে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জুডিশিয়ারীর মান মর্যাদা রক্ষা করতেই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২১৪৯ঘ.
bdnews24