ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর পর শিক্ষার্থী ও স্থানীয়রা রোববার দুপুরে দেড় ঘণ্টা সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে।
অবরোধকারীরা সাভার থেকে এক কিলোমিটার দূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় অবস্থান নিয়ে গাড়ি ভাংচুর এবং টায়ারে আগুন জ্বালিয়ে দিলে দুপুর দেড়টা থেকে ৩টা পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিলো।
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি শান্ত হওয়ার পর বেলা ৩টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক।
তবে দেশের অন্যতম ব্যস্ত এ সড়কে দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকায় সাভার থেকে যানজট লেগে আছে।
পুলিশ জানায়, যাত্রীবাহী একটি বাসের চাপায় ধামরাই সরকারি কলেজের ছাত্র এইচএইচসি পরীক্ষার্থী মুরাদ হোসেন (২৫) সকাল ১১টার দিকে সিঅ্যান্ডবি এলাকায় নিহত হন।
মুরাদের বাড়ি সিঅ্যান্ডবির কলমা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে মুরাদের সতীর্থরা সিঅ্যান্ডবি এলাকায় এসে প্রায় ২০/২৫টি গাড়ি ভাংচুর করে এবং রাস্তার ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ছাড়াও ধামরাই কলেজের অধ্যক্ষ ঘটনাস্থলে আসেন। তিনি ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেন।
পুলিশ কর্মকর্তা মনোয়ার জানান, মুরাদকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24