২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিকা ভবনে ফের অস্থিরতা

প্রশিকা ভবনে প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের যাওয়ার খবরে রোববার আবার অস্থিরতা দেখা দিয়েছে। ব্যাপক সংখ্যক পুলিশও অবস্থান নিয়েছে সেখানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 06:01 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিকা ভবনে প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের যাওয়ার খবরে রোববার আবার অস্থিরতা দেখা দিয়েছে। ব্যাপক সংখ্যক পুলিশও অবস্থান নিয়েছে সেখানে। কাজী ফারুক সদলবলে প্রশিকা ভবনে আসবেন- এমন খবরে সকালে মিরপুর ২ নম্বরে অবস্থিত ওই প্রতিষ্ঠানের বর্তমান কর্মীরা ভেতর থেকে গেট আটকে রেখেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ভবনে কাউকে ঢুকতে দিচ্ছেন না ভেতরের কর্মীরা। বাইরে পুলিশ অবস্থান নিয়ে আছে। প্রশিকার অন্যতম পরিচালক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশিকার কর্তৃত্ব নিয়ে মামলা চলছে। আদালতে তার সুরাহা না হওয়ার আগে কাজী ফারুকের কার্যালয়ে আসা বাঞ্ছনীয় নয়।" তাই কর্মীরা ভবনের ভেতরে সংগঠিত অবস্থান নিয়ে আছে বলে জানান তিনি। তবে সকাল ১০টা পর্যন্ত কাজী ফারুককে ওই এলাকায় দেখা যায়নি। পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বলেন, প্রশিকায় অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে- এমন খবর পেয়ে তারা আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সেখানে অবস্থান নিয়েছেন। গত বছরের ১ আগস্ট কাজী ফারুক সদলবলে প্রশিকা ভবনে ঢুকতে চাইলে সংঘর্ষ হয়। তাতে বেশ কয়েকজন আহত হলে পাল্টাপাল্টি মামলাও হয়। তবে কাজী ফারুক ভবনে ঢুকতে পারেননি। বেসরকারি এ প্রতিষ্ঠানকে ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠার পর গত বছরের ২৪ মে কাজী ফারুককে প্রশিকার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গঠিত হয় নতুন পরিচালনা পর্যদ। এর বিরুদ্ধে পরে হাইকোর্টে মামলা করেন কাজী ফারুক। প্রশিকার সাবেক চেয়ারম্যান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাগারে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১১৫০ ঘ.