চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের স্বার্থে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান।
শনিবার বিকালে নগরীর লালদীঘির ময়দানে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
নোমান বলেন, "দেশের আজ বড় দুর্দিন, দেশের মানুষ কোনভাবেই ভাল নেই। দেশের বিরুদ্ধে ভেতর বাইরে থেকে ষড়যন্ত্র চলছে। দেশ ও দেশের সম্পদ রক্ষায় শুধু বিএনপি নয়, সব দেশপ্রেমিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।"
নোমান বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে 'নোমান সমর্থক' বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
তবে মহানগর বিএনপি'র সভাপতি সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সমর্থিত বিএনপি'র কোনো নেতাকে এ অনুষ্ঠানে দেখা যায়নি।
সংবর্ধনার জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, "চট্টগ্রামের মানুষের উৎসাহে সেই ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত রাজনীতি করেছি, কোনো পদ পদবীর লোভে নয়।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহবায়ক ও চবি শিক্ষক ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এনামুল হক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, চবি শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম চৌধুরী, চবি শিক্ষক ড. হাসান মোহাম্মদ, ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম, এস এম ইকবাল হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুস সাত্তার, এম এ সবুর, এএম নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২৩৫৫ঘ.
bdnews24