২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোড়া বস্তির মানুষের গাছতলায় রাতযাপন

শীতের সারাটা রাত আক্ষরিক অর্থেই গাছের নিচে কাটিয়েছেন বেগুনবাড়ির দিপীকা মোড়ের বস্তিবাসীরা। কেউ কেউ শিশির থেকে বাঁচতে দোকানের সামনের সামান্য ছাউনির নিচে বসে রাত পার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 06:02 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতের সারাটা রাত আক্ষরিক অর্থেই গাছের নিচে কাটিয়েছেন বেগুনবাড়ির দিপীকা মোড়ের বস্তিবাসীরা। কেউ কেউ শিশির থেকে বাঁচতে দোকানের সামনের সামান্য ছাউনির নিচে বসে রাত পার করেছেন। শুক্রবার বিকালের আগুনে তাদের কাঁথা-কম্বলসহ সর্বস্ব পুড়ে যাওয়ায় শীতের রাতে গায়ে দেওয়ার মতো তাদের কিছু নেই। তাই আগুনে সব হারিয়ে শীত থেকে বাঁচতে সেই আগুন জ্বালিয়েই রাত কাটাতে হয়েছে তাদের। তবে শুক্রবার কিছু ত্রাণ সামগ্রী পেয়েছে তারা। শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রতিটি পরিবারের কয়েকজন সদস্য ছলছল চোখে পোড়া বস্তিটির পাশে বসে আছেন। কয়েকজন পোড়া ধ্বংসস্তুপের মধ্যে এটা-সেটা কুড়াচ্ছেন। কেউ কেউ রিলিফ দেওয়া হচ্ছে বলে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে গেছে। জাহানারা বেগম (৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘরেত কিছু নাই। সব পুইরা গেছে। এখন আমরার এই কাপড় (পরনের শাড়ি) ছাড়া আর কিছুই নাই। ওরা (প্রতিবেশীরা) আগুন ধরাইয়া বইছিল। সারাটা রাইত সেখানে বইসা কাটাইছি।" জাহানারা জানান, তার রিক্সাচালক ছেলে ছাড়া আর কেউ আর কাজে যেতে পারেনি। সবাই মিলে পোড়া ঘর থেকে টুকিটাকি কুড়িয়েছেন। "ছাওয়ালডাও যাতি চাই নাই। কিন্তুক কয়ডা টাকা তো লাগবো। যা ছিল, সবই তো পুইরা গেছে।" দিপীকার মোড় সংলগ্ন বস্তিটির পোড়া ইট-কয়লার মধ্যে সংসারের এটা সেটা কুড়াচ্ছিলেন শাহানা (৩০)। তিনি বলেন, "কয়টা চামুচ পাইছি। একটা গলার চেইন ছিল। কিন্তুক সেইটা তো পাইনা।" গার্মেন্টসকর্মী শাহানা জানান, তার ঘরে মাসের চাল কেনা ছিল। একটি কৌটার মধ্যে বেতনের কিছু টাকাও রাখা ছিল। কিন্তু এখন সামনে একটা পুরো মাস ছাড়া আর কিছুই নেই। বস্তির প্রায় সবাই জানালেন, সন্ধ্যার দিকে বেশিরভাগ বাসিন্দাই কাজে বাইরে ছিলেন। এ কারণে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে খবর পেয়ে আসতে আসতে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের গ্রাস থেকে কিছুই বের করতে পারেননি তারা। একটি কারখানার রান্নার কর্মী মমতাজ (৩০) বলেন, "কয়দিন আগে সমিতি থেকে লোন নিয়া টিভি কিনছিলাম। ঘরে সমিতির ৪০ হাজার টাকাও ছিল। কিন্তু এখন তো আর কিছু নাই। সমিতির টাকা কেমনে শোধ করুম?" বস্তিতে যাওয়া ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মনির এসময় জানালেন, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে পাওয়া কিছু রিলিফ এখানে বিতরণ করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত মোট ৫৫০টি পরিবারের তালিকা করা হয়েছে। পরিবার প্রতি একটি কম্বল, ২ হাজার টাকা ও ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। রিলিফ নিয়ে যাবার সময় সাজাহান নামে এক বস্তিবাসী ও তার দাদী আনোয়ারা জানালেন, টাকা আর কম্বল পেয়েছেন। পরদিন চাল দেওয়া হবে। শুক্রবার বিকালে গ্যাস থেকে লাগা আগুনে কয়েকটি আধাপাকা ঘরসহ এই বস্তিটির শতাধিক কাচাঘর পুড়ে যায়। কয়েকজন অভিযোগ করে বললেন, জায়গা খালি করার জন্যে আগুন লাগানো হয়েছে। একজন বললেন, "আমগোরে কইলেই হইতো। আমরা নিজেরা চইলে যাইতাম। তাইলে অন্তত ঘরের মালামালডি থাকতো।" বস্তির জমির দখল ও মাদক ব্যবসা বা চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে রাজধানীতে ইতিপূর্বে অনেক বস্তিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৪৫ঘ.