২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলসীমা নির্ধারণে সমন্বিত পদ্ধতি গ্রহণে মতৈক্য

সমুদ্রসীমা নির্ধারণে সমন্বিত পদ্ধতি গ্রহণে একমত হওয়ার মধ্য দিয়ে শনিবার চট্টগ্রামে বাংলাদেশ ও মিয়ানমারের দুই দিনের আলোচনা শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 04:28 AM

Updated : 24 Aug 2022, 06:06 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্রসীমা নির্ধারণে সমন্বিত পদ্ধতি গ্রহণে একমত হওয়ার মধ্য দিয়ে শনিবার চট্টগ্রামে বাংলাদেশ ও মিয়ানমারের দুই দিনের আলোচনা শেষ হয়েছে। জলসীমা নির্ধারণের পদ্ধতি নিয়ে মতভেদ নিয়েই শুক্রবার বৈঠক শুরু করে উভয় পক্ষ। এ ক্ষেত্রে বাংলাদেশ ন্যায্যতাভিত্তিক (প্রিন্সিপল অফ ইকুয়িটি) পদ্ধতি অনুসরণ করতে চাইলেও মিয়ানমার সমদূরত্ব রেখাভিত্তিক (প্রিন্সিপল অফ ইকুয়াল ডিসটেন্স) পদ্ধতির পক্ষপাতি। বৈঠক শেষের পর বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, "সমদূরত্ব ও ন্যায্যতাভিত্তিক পদ্ধতির সমন্বয়ে সমুদ্রসীমা নির্ধারণে আমরা দুই পক্ষ সম্মত হয়েছি।" আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে তিনি বলেন, আগামী এপ্রিলে দুই পক্ষ আবার বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। ওই বৈঠক হবে মিয়ানমারে। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ সে থান উ সাংবাদিকদের বলেন, ভালো আলোচনা হয়েছে। তারা সন্তুষ্ট। হোটেল আগ্রাবাদে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক চলে। বৈঠকে ১৩ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের উপ পররাষ্ট্রমন্ত্রী মং মিন্ত। সাগরসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ দেখা দিলে গত অক্টোবরে তা নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতিসংঘ শালিস আদালতে যায়। তবে তখন ঢাকার পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘে গেলেও দ্বিপাক্ষিক আলোচনার পথও খোলা থাকবে। এরপর এটাই ছিলো ঢাকা-ইয়াঙ্গুনের প্রথম বৈঠক। এর আগে চার দফা বৈঠক হলেও তাতে কোনো ফল আসেনি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গভীর সাগরে তেল ও গ্যাস ব্লক নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের পাল্টাপাল্টি দাবির কারণে কোনো দেশই খনিজ তুলতে পারছে না। বাংলাদেশের ২৮টি ব্লকের মধ্যে প্রতিবেশী দেশ দু'টি ১৮টি ব্লক তাদের বলে দাবি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৫০০ ঘ.