নয়াদিল্লি, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ভারত সফরে সুফি খাজা মইনুদ্দীন চিশতির মাজারে প্রার্থনা করার জন্য আজমীর শরীফ যাবেন।
আগামী ১০ জানুয়ারি চারদিনের সফরে ভারতে আসছেন শেখ হাসিনা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শেখ হাসিনা সফরের প্রথম দুই দিন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং অন্যান্য নেতার সঙ্গে বৈঠকের পর ১৩ জানুয়ারি আজমীর যেতে পারেন।
মনমোহনের সঙ্গে হাসিনার বৈঠকে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এবং রেলমন্ত্রী মমতা ব্যানার্জী উপস্থিত থাকবেন। প্রণব মুখার্জী, এস এম কৃষ্ণা এবং মমতা ব্যানার্জীর সঙ্গে নয়াদিল্লিতে আলাদা আলাদা বৈঠকও করার কথা হাসিনার।
রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গেও দেখা করবেন তিনি।
মনমোহন সিং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে এক নৈশভোজেরও আয়োজন করবেন।
সফরে হাসিনা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই), ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) এবং অ্যাসোসিয়েশন অব চেম্বার্স আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবেন।
হাসিনা সোমবার রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে দিল্লিতে তার আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু করবেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর স্মৃতিসৌধেও পুষ্পস্তবক অর্পন করবেন তিনি।
হাসিনা এর আগেও ভারত সফরের সময় আজমীর শরীফে মইনুদ্দীন চিশতির মাজারে প্রার্থনা করেছেন।
পূর্ব পরিকল্পনা থাকলেও এ সফরে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যাচ্ছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী।
কর্মকর্তারা বলছেন, সরকারের অনুরোধে শেখ হাসিনার পশ্চিমবঙ্গ সফর প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছে। কারণ, উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তদন্ত নিয়ে কর্মচারীদের বিক্ষোভে বিশ্ববিদ্যালয়টিতে অস্থিতিশীল অবস্থা চলছে।
সফর শেষে আগামী ১৩ জানুয়ারী ঢাকায় ফেরার কথা হাসিনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/২২২০ ঘ.
bdnews24