জামালপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরে চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার জামালপুর সদর উপজেলার জাগরনী বাজার এলাকার একটি ধান ক্ষেত থেকে মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছিনতাই হওয়া মাইক্রোবাস উদ্ধার করা হয় ময়মনসিংহের মুক্তাগাছা থেকে।
নিহত চালকের নাম- শামীম (২৫)। তার বাড়ি টাঙ্গাইলের সখিপুরে।
পুলিশ ধারণা, ছিনতাইকারীরা ভাড়ায় নেওয়ার পর বৃহস্পতিবার রাতে চালককে শ্বাসরোধ করে হত্যার পর মাইক্রোবাসটি নিয়ে গিয়েছিল।
জামালপুর সদর থানার ওসি আব্দুল মতিন জানান, মুক্তাগাছা থানা পুলিশ মাইক্রোবাসটি উদ্ধার করেছে। তবে কেউ গ্রেপ্তার হয়েছে কিনা তা জানা যায়নি।
তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.
bdnews24