গাজীপুর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর ১৩ দিন পর শুরু হচ্ছে টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। এর আগেই প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে ইজতেমা কর্তৃপক্ষ জোরেসোরে কাজ করে যাচ্ছে।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. মাহবুবুল আলম হানিফ, ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার, টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খান, সাবেক শিক্ষা সচিব মো. এরশাদুল হক, আওয়ামী লীগ নেতা আমানত হোসেন খান প্রমুখ ইজতেমা মাঠে জুম্মার নামাজ শেষে ইজতেমার প্রস্তুতি কাজ ঘুরে দেখেন।
বিগত দিনের ইজতেমায় মুসল্লিদের যে সব অসুবিধা ও সমস্যাদি ছিল এবছর সেগুলি চিহ্নিত করে সমাধানের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে পরিদর্শক দলকে ইজতেমার আয়োজকরা জানান।
ইজতেমার আয়োজক তাবলিগ জামায়াতের একজন মুরুব্বি (নেতা) মো. আব্দুল কুদ্দস সাংবাদিকদের জানান, ক্রমবর্ধমান মুসুল্লিদের কথা বিবেচনায় রেখে প্রায় দেড়শ' একরের ইজতেমা মাঠের পরিসর আরো বাড়ানোর চেষ্টা চলছে।
তুরাগ পশ্চিম তীরের পশ্চিম পাশে রাজউক ও বিভিন্ন ব্যক্তির দখলে থাকা ২৫ একর জায়গার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এই জায়গা পেলে মুসুল্লিদের কষ্ট অনেকাংশে লাঘব হবে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. মাহবুবুল আলম হানিফ জানান, শিগগিরই ইজতেমা মাঠ সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে দখলীয় জমি উদ্ধারের পরই পরিকল্পনা মত মূল উন্নয়ন কাজ শুরু হবে।
আগামী ২২ জানুয়ারি শুরু হবে মুসলিম উম্মার অন্যতম বৃহত ধর্মীয় সম্মিলন এই বিশ্ব ইজতেমা। ২৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিনদিনের এই ইজতেমা।
শুক্রবার সরেজমিনে দেখা গেছে, মুসুল্লিরা মাঠে চটের তাবু টানানো, বয়ান মঞ্চ ও মোনাজাত মঞ্চ নির্মাণ, মাঠ সমতলকরণ, অস্থায়ী টয়লেট নির্মাণ, বিদ্যুতের তার লাগানোসহ আনুষঙ্গিক কাজ করছেন।
র্যাব সদস্যদের ইজতেমা মাঠের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে ৬০টি ক্লোজ সার্কিট (সি.সি) ক্যামেরা স্থাপনের কাজ করতে দেখা গেছে।
কর্মরত র্যাব সদস্যরা জানান, এবার মাঠের আশপাশের এলাকায় র্যাবের দুটি নিয়ন্ত্রণকক্ষ থাকবে। মাঠের চারপাশে স্থাপন করা হবে পর্যবেক্ষণ চৌকি। নিয়ন্ত্রণকক্ষ ও চৌকি থেকে মাঠে নজরদারি করা হবে।
এছাড়া ইজতেমা চলাকালে র্যাবের হেলিকপ্টার টহলের ব্যবস্থা থাকছে বলে তিনি জানান।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ ইতোমধ্যে মাঠের উত্তর দিকে একটি গভীর নলকূপ স্থাপনের কাজ শেষ করে উত্তর-পূর্বদিকে অপরটি স্থাপনের কাজ শুরু করেছে।
গাজীপুরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন জানান, তাদের এ দুটি নলকূপ থেকে প্রতি ঘণ্টায় ৩৩ হাজার গ্যালন পানি পাওয়া যাবে।
এ দু'টি ছাড়াও ঘন্টায় ২০হাজার গ্যালন পানি উত্তোলনক্ষম ওয়াশার চারটি, ইজতেমা কর্তৃপক্ষের একটি এবং জনস্বাস্থ্য বিভাগের বিগত ক'বছরে স্থাপিত আরো ৬টি গভীর নলকূপের মাধ্যমে পানি সরবরাহ করা হবে তিনি জানান।
মাঠে কর্মরত প্রকৌশলী মো. মোমিন মিয়া জানান, মাঠে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও পানি সরবরাহের লক্ষ্যে ৮টি জেনারেটর থাকছে।
তাবলিগ জামায়াতের অপর একজন মুরুব্বী মো. গিয়াস উদ্দিন আহমেদ জানান, তারা আশা করছেন ১৫ জানুয়ারি মধ্যে মাঠের প্রস্তুতি কাজ শেষ হবে। মূল মাঠে বেশির ভাগ স্থানের তাবু টানানোর কাজ শেষ হয়েছে। খুঁটি পোতার কাজও শেষ। অস্থায়ী টয়লেট তৈরিসহ আনুষঙ্গিক কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.
bdnews24