চট্টগ্রাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশবিরোধী চট্টগ্রামে যুব বিদ্রোহের অন্যতম নেতা বিনোদ বিহারী চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামে তিনদিনের উৎসব শুরু হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর শহীদ মিনার চত্বরে বিপ্লবী ক্ষুদিরাম মঞ্চে উৎসব উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
আগামী রোববার বিনোদ বিহারীর বয়স ১০০ বছর হবে।
এ উপলক্ষে বিনোদ বিহারী চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন পরিষদ তিনদিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদ বিহারী চৌধুরী দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, "দেশের এক শ্রেণীর মানুষ ভালো থাকবে, আরেক শ্রেণীর মানুষ ফুটপাতে ঘুমাবে তা হতে পারে না। সকল ভীরুতা, কাপুরুষতা ত্যাগ করে সকলকে সাহসী হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।"
উদ্বোধনী বক্তব্যে বিচারপতি হাবিবুর রহমান বলেন, ''হাজার বছরের প্রচলিত আশীর্বাদ বাণী- 'শতায়ু হোন'- বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ১০ জানুয়ারি তা অর্জন করতে যাচ্ছেন।''
কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, একটি ঐতিহাসিক মুহূর্তে, ঐতিহাসিক ব্যক্তির সান্নিধ্যে এই উৎসব। যিনি ব্রিটিশদের বিরুদ্ধে মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে সাম্রাজ্যবাদ বিরোধী তাৎপর্যপূর্ণ আন্দোলনের সাক্ষী ও অংশীদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন।
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রক্তকরবীর শিল্পীরা। অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে সন্ধ্যায় নগরীর জেএম সেন হল চত্বরে মাস্টারদা সূর্যসেন মঞ্চে শতাব্দীর সূর্য শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনপর্বে 'শতবর্ষের আলোকে বাংলা ও বাঙালি ১৯১০-২০১০' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
এতে অধ্যাপক ড. আনিসুজ্জামান, হাসান আজিজুল হক, ড. শামসুজ্জামান খান, গবেষক সৈয়দ আবুল মকসুদ, ড. তপতী মুখোপাধ্যায়, ড. মাহবুবুল হক বক্তব্য রাখবেন।
উৎসবের শেষদিন রোববার সকালে নগরের ডিসি হিলের নজরুল মঞ্চে বিনোদ বিহারী চৌধুরী উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করাবেন। বিকেল সাড়ে ৪টায় জেএমসেন হল প্রাঙ্গণে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24