ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দহগ্রাম-আঙ্গরপোতায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে শুক্রবার তিনবিঘা করিডোরে বাংলাদেশ রাইফেল্স (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বহিনীর (বিএসএফ) মধ্যে বৈঠক হয়েছে।
বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
"সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক ফলপ্রসূ হয়েছে।"
বৈঠকে ৩১ রাইফেল ব্যাটালিয়ন, লালমনিরহাট এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. আসলাম হোসেনের নেতৃত্বে বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বিএসএফ ১৭ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট টিয়াজির নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ছিলেন বৈঠকে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রংপুর এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. গোলাম মর্তুজা প্রস্তাবিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের নকশাসহ অন্যান্য কাগজপত্র বৈঠকে উপস্থাপন করেন।
বিএসএফ নকশাটি সে দেশের সরকারের প্রয়োজনীয় অনুমোদনের জন্য গ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/১৮১৩ ঘ.
bdnews24