ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে শুক্রবার আগুন লেগে আটটি দোকান, একটি গুদাম ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দুপুর পৌনে ৩টার দিকে মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের পাশে কলাওয়ালা পাড়ায় সারিবদ্ধ কয়েকটি টিনশেড স্থাপনার ঝুট কাপড় ও লোপতোশকের দোকান ও গুদামে আগুন ধরে বলে জানান দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো. ইউনুস।
তিনি বলেন, "এতে সেখানকার আটটি দোকান, একটি গুদাম ও একটি বসতবাড়ি পুড়ে যায়। মিরপুরের তিনটি ও মোহাম্মদপুরের দুটি ইউনিট এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।"
দমকল কর্মকর্তা ইউনুস আরো জানান, শুক্রবার হওয়ায় দোকানগুলো বন্ধ ছিল। তাই আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
টিনশেডের স্থাপনা সংলগ্ন বহুতল ভবনগুলো আগুন থেকে রক্ষা পাওয়ায় ক্ষয়-ক্ষতি অনেক কম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/
bdnews24