২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাস সংলগ্ন গ্রামে গ্যাস উদগিরণ থামছেই না

তিতাস গ্যাস ক্ষেত্রের ত্র"টিপূর্ণ কূপটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলেও সংলগ্ন গ্রামগুলোতে গ্যাস উদগিরণ চলছে। গত এক বছরে গ্যাস উদগিরণের কারণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন ১০ জন। নদীতে শুরু হয়েছে মাছসহ জলজ প্রাণীর মড়ক। পিযূষ কান্তি আচার্য্যের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 10:29 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

পীযূষ কান্তি আচার্য্য ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র সংলগ্ন তিনটি গ্রামে গ্যাস উদগিরণ থামছেই না। ২০০৮ সালে ত্র"টি মেরামতের পর কর্তৃপক্ষ প্রায় এক বছরের মধ্যে উদগিরণ বন্ধের কথা বলেছিল। কিন্তু উদগিরণ তো বন্ধ হয়নি, বরং ভয়াবহ আকার ধারণ করেছে। গত এক বছরে কমপক্ষে নির্গত গ্যাসের কারণে ১০ জন অগ্নিদগ্ধ হয়েছে। নদীসহ জলাশয়ের পানি বিষাক্ত হয়ে মরে যাচ্ছে মাছসহ বিভিন্ন ধরণের জলজ প্রাণী। তবে তিতাস গ্যাস ক্ষেত্র কর্তৃপক্ষ বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম দাবি করেন, উদগিরণ কিছুটা কমেছে। নতুন কোনো এলাকা দিয়ে গ্যাস উদগিরণও হচ্ছে না। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে পরিমান গ্যাস মাটির নিচে আটকা পড়ে আছে তা বেরিয়ে আসতে আরো সময় লাগবে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তখনকার ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর কবীর সে সময় সংবাদ সম্মেলন করে বলেছিলেন, উদগিরণ কমতে ৬-৭ মাস সময় লাগবে। তিতাস গ্যাস ক্ষেত্রের কর্মকর্তারা জানান, ২০০৬ সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস নদীর তলদেশ এবং নদীর পূর্ব পাড়ের আনন্দপুর ও শ্যামপুর গ্রামের বিভিন্ন স্থানে নলকূপ দিয়ে গ্যাস উদগিরণ শুরু হয়। পরে নদীর পশ্চিম পাড়ের বাকাইল গ্রামেও একই ভাবে গ্যাস নির্গত হতে থাকে। তিতাস কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করে প্রায় ৪০ বছরের পুরনো ৩ নম্বর কূপে ত্র"টির কারণে গ্যাস উদগিরণের বিষয়টি চিহ্নিত করে। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে আবুধাবী ভিত্তিক মার্কিন কোম্পানি বুটস অ্যান্ড কুটস'র ১৫ জন বিশেষজ্ঞের নেতৃত্বে একটি বিশেষ দল ২০০৮ সালের ২২ জানুয়ারি ৩ নম্বর কূপটিকে স্থায়ীভাবে বন্ধ করে দেয়। গত এক বছরে এ তিনটি গ্রামের কমপক্ষে ১০ জন গ্যাস উদগিরণের কারণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন। এরকমই একজন হলেন বাকাইল গ্রামের ইউনুস মিয়া। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে তিনি ঘরে বসে সিগারেট খাওয়ার জন্য আগুন জ্বালালে পুরো ঘরে আগুন জ্বলে ওঠে। এতে তার হাত, মুখ ও বুক ঝলসে যায়। আগুনে দগ্ধদের কেউ কেউ নাম মাত্র ক্ষতিপূরণ পেলেও অধিকাংশই কোনো ক্ষতিপূরণ পায়নি বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয় সংসাদ লুৎফুল হাই সাচ্চু বলেন, সরকার ক্ষতিপুরণ দিতে বাধ্য। তিনি জানান, স্থানীয় চেয়ারম্যানদেরকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। তালিকা তৈরি হলে ক্ষতিপূরণের বিষয় নিয়ে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা হবে। তবে দগ্ধদের চিকিৎসা খরচ এমনকি ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিতাস গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তদারকি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মজিবুর রহমান। গ্যাস উদগিরণের কারণে এলাকার লইসকা বিলের বেশ কিছু ফসলি জমি পরিণত হয়েছে গভীর খাদে। দত্তখোলা-শ্যামপুর রাস্তাটি ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। তিতাস নদীর তলদেশে অসংখ্য ফুটো হয়ে অব্যাহত গ্যাস উদগিরণে নদীর পানি বিষাক্ত হয়ে জলজ প্রাণীসহ মাছের মড়ক দেখা দিয়েছে। প্রতিদিন অসংখ্য ছোটবড় মাছ ও জলজ প্রাণী মরে ভেসে উঠছে। সরেজমিনে দেখা গেছে, তিতাস নদীর তলদেশের অসংখ্য ফুটো দিয়ে ১০ কিলোমিটার এলাকা জুড়ে অবিরত নির্গত হচ্ছে গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন, শুধু জলজ প্রাণীই নয়, তিতাস নদীর পানি বিষাক্ত হওয়ায় জনস্বাস্থ্যের জন্যও তা ক্ষতিকর হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান মো. আবুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুষ্ক মওসুমে নদীতে পানি কম থাকায় গ্যাসের প্রভাবে পানিতে পর্যাপ্ত পরিমানে অক্সিজেন দ্রবীভূত হয় না। ফলে শ্বাস নিতে না পারায় মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর মড়ক দেখা দিয়েছে। পরিবেশবিদ অধ্যাপক নজরুল ইসলাম জানান, মাছ মরে পচন ধরে এলাকার প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। বাকাইল গ্রামের আবদুল হক এক সময় তিতাস নদী মাছে ভরপুর ছিল। তখন এ নদীর মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হতো ভারতের ত্রিপুরায়। কিন্তু মাছের মড়ক দেখা দেওয়ায় রপ্তানি তো দূরের কথা এখন স্থানীয় চাহিদাই মিটছে না।" দ্রুত এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা না নিলে নদীর জীব বৈচিত্র বিপন্ন হওয়াসহ মাছের তীব্র সংকট দেখা দিবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামের অন্তত পাঁচ শতাধিক পরিবার নির্গত গ্যাস রান্নার কাজে ব্যবহার করছে। সরু পাইপ দিয়ে গ্যাস এনে সংযোগ দেওয়া হচ্ছে চুলায়। শুধু বাড়িতে নয়, বাকাইল বাজারের কয়েকটি চায়ের দোকানেও এভাবে চুলা জ্বালানো হচ্ছে। শ্যামপুর গ্রামের আর্জিনা বেগম (৩৯) বলেন, ঝুঁকি আছে জাইন্যাও আরাম কইরা রান্না বান্নার কাজ করছি। একটাই ডর কুন সময় জানি আগুনে জ্বইল্লা যাই।" পেট্রোবাংলা নিয়ন্ত্রিত বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের আওতাধীন তিতাস গ্যাস ফিল্ডের ১৭টি গ্যাস কুপে দৈনিক চারশ' এমএমসিএফডি (মিলিয়নস অব কিউবিক ফিট পার ডে) গ্যাস উত্তোলন করা হচ্ছে। আর উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমান হচ্ছে ৫ দশমিক ১২ ট্রিলিয়ন কিউবিক ঘনফুট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬১৮ ঘ.