বগুড়া, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের সাতমাথা এলাকায় বৃহস্পতিবার দিনদুপুরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
আহত আলমগীর হোসেনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি জেলার গাবতলী উপজেলার ছয়ঘরিয়া গ্রামে।
আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ইস্টার্ন ব্যাংক থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। ওই টাকা নিয়ে সাতমাথায় পৌঁছালে ছয়জন ছিনতাইকারি তার পথরোধ করে।
তিনি জানান, বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠায়।
বগুড়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোজিনা খাতুন জানান, বিষয়টি তারা শুনেছেন। তবে বিকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০০ ঘ.
bdnews24