২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা চুক্তি হচ্ছে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে অভিন্ন তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দু'দেশের মধ্যে চুক্তি হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 12:57 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে অভিন্ন তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দু'দেশের মধ্যে চুক্তি হচ্ছে না। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, "প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে চুক্তি হবে বলে আশা করছি না।" (আরও তথ্যসহ) মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠকের দুদিন বাদে পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, "সচিব পর্যায়ের বৈঠকে অগ্রগতি হয়েছে। অভিন্ন তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে উভয় পক্ষের মধ্যে দূরত্ব অনেকটাই কমে এসেছে। দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনায় আরো অগ্রগতি হবে বলে আশা করছি।" অভিন্ন নদীর পানি বন্টনের চুক্তি চূড়ান্ত করতে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠক এখন পর্যন্ত না হওয়ায় হাসিনার ভারত সফরের সময় এ ব্যাপারে কোন চুক্তি হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ঢাকা মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠকের সময় ঠিক করার চেষ্টা করছে।" জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠকের একটি তারিখ নির্ধারণ করতে ইতিমধ্যে ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানান দীপু মনি। তিনি বলেন, "খুব শিগগিরই জেআরসির মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে বলে আমরা আশা করছি।" তিস্তার পানি বণ্টন চুক্তি ত্বরান্বিত করতে একমত হওয়ার মধ্য দিয়ে গত মঙ্গলবার ঢাকায় জেআরসির ওই বৈঠক শেষ হয়। আসন্ন এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে আলোচনায় টিপাইমুখ বাঁধ নির্মাণের ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি তুলে ধরবেন বলেও জানিয়েছেন দীপু মনি। এছাড়া নেপাল ও ভুটানকে ভারতের ভূখন্ড অতিক্রম করে বাংলাদেশের মংলা বন্দর ব্যবহারের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানোর অনুমতি দেওয়ারও দাবি জানানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের ভারত সফরে আগামী ১০ জানুয়ারি ঢাকা ছাড়বেন। তার সফরসঙ্গীদের মধ্যে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং সরকারের উপদেষ্টারা। বৃহত্তর রংপুর অঞ্চলের স্বাভাবিক কৃষি ব্যবস্থা টিকিয়ে রাখার বিষয়টি বিবেচনা করে তিস্তার পানি ভাগাভাগির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য অনেক দিন ধরেই ভারতের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, বাংলাদেশের বৃহত্তম কৃষি সেচ প্রকল্প তিস্তা প্রকল্পের (প্রথম পর্যায়) অধীন প্রায় সাড়ে সাত লাখ হেক্টর জমি শুকনো মৌসুমে তিস্তার পানির উপর সম্পূর্ণ নির্ভরশীল। ভারত তিস্তার উজান থেকে পানি সরিয়ে নেওয়ার প্রভাবে পানি স্বল্পতার কারণে ৯৬ হাজার হেক্টর জমি নিয়ে তিস্তা প্রকল্পের দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করতে পারছে না পাউবো। ভারত ১৯৯০ সালের দিকে তার সেচ প্রকল্পের জন্য তিস্তার উজানে গজালডোবায় ব্যারেজ (বাঁধ) নির্মাণ করায় প্রতি বছর শুকনো মৌসুমে নদীর বাংলাদেশ অংশে পানি সঙ্কট দেখা দেয়। দীপু মনি বলেন, "বাংলাদেশের জন্য ক্ষতিকর এমন কিছু করবে না বলে ভারতীয় কর্তৃপক্ষ অতীতে একাধিকবার বাংলাদেশকে আশস্ত করেছে। "কূটনৈতিক রীতি ও রেওয়াজ অনুযায়ী 'অন্যের কোন ক্ষতি নয়' নীতি সবার কাছেই গ্রহণযোগ্য। সুতরাং ভারতের সব্বোর্চ রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে বাংলাদেশের কোন ক্ষতি না করার আশ্বাসের উপর আমরা আস্থা রাখতেই পারি।" ভারত বরাক নদের উপর একটি ড্যাম (বাঁধ) তৈরির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ অংশে এ নদীটি সুরমা নামে পরিচিত। প্রস্তাবিত এ প্রকল্পটি বাস্তবায়িত হলে উভয় দেশের সংশ্লিষ্ট অঞ্চলে পরিবেশগত জীববৈচিত্রে বিপর্যয় নেমে আসবে বলে বাংলাদেশ ও ভারতের পরিবেশবাদীরা আশংকা করেছেন। বাংলাদেশ যথাক্রমে ১৯৭৬ ও ১৯৮০ সালে নেপাল ও ভুটানের সঙ্গে ট্র্যানজিট চুক্তি স্বাক্ষর করলেও তা এখনো কার্যকর হয়নি। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় অপরাধ দমন বিষয়ে উভয় দেশের মধ্যে তিনটি চুক্তি এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হবে বলে জানান দীপু মনি। চুক্তিগুলো হলো: অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, জোটবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/জিএনএ/২৩৩০ ঘ.