২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে দাফন নিয়ে সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জ সদর উপজেলায় বৃহস্পতিবার সকালে লাশ দাফনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 12:18 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

গোপালগগঞ্জ, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জ সদর উপজেলায় বৃহস্পতিবার সকালে লাশ দাফনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহত বনগ্রাম ইউপি চেয়ারম্যান বরকত জাহান সিকদার (৬৫), আব্দুল মান্নান (৬৫). মো. জাকির হোসেন মজুমদার (৩৫), বরকত মজুমদার (২৫) ও উলু সিকদারকে (৩৫) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বরকত মজুমদার সাংবাদিকদের জানান, মঙ্গলবার বনগ্রামের স্কুল শিক্ষক এঞ্জেল হক মজুমদার মারা যান। বুধবার জানাজার আগে ইউপি চেয়ারম্যান বরকত জাহান এঞ্জেলের কাছে পাওনা ৭০ হাজার টাকা দাবি করে লাশ দাফনে বাধা দেওয়ার হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে জানাজায় উপস্থিত লোকজন চেয়ারম্যানকে লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে দু'পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.