মাগুরা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছে মাগুরার একটি আদালত।
পত্রিকার প্রকাশক হাসমত আলী ও বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহকে জামিন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মাগুরার ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম কামরুন্নাহার বেগমের আদালতে হাজির হয়ে এই তিনজন জামিন আবেদন করেন।
শুনানি শেষে হাকিম ২০ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেন।
গত ১৭ ডিসেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার কথিত অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশরাফ হোসেন ২১ ডিসেম্বর মাগুরার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মানহানি মামলা করেন।
এ মামলায় হাইকোর্ট থেকে গত রোববার মাহমুদুর রহমান, হাসমত আলী ও এম আবদুল্লাহ তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান।
মানহানির আরও ২২টি মামলায় সোমবার মাহমুদুর রহমানসহ তিনজনকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24