২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিবাচক রাজনীতির প্রতিষ্ঠা চাই: হাসিনা

সরকারের এক বছর পূর্তিতে বিগত সময়ের অর্জন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ইতিবাচক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে চায়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 03:19 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের এক বছর পূর্তিতে বিগত সময়ের অর্জন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার ইতিবাচক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে চায়। তিনি জানিয়েছেন, তার সরকার জঙ্গিবাদ দমন, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন এবং যুদ্ধাপরাধের বিচার দ্রুত শুরুরও আশ্বাস দিয়েছেন তিনি। বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন সংসদ নেতা হাসিনা। সমালোচনা করেছেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের। তবে অন্তর্র্বতীকালীন ওই সরকারের ক্ষমতা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বিএনপিকে দায়ী করেন তিনি। সরকারের এক বছর পূর্তিতে বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত বছরের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মন্ত্রিসভা। শেখ হাসিনা বলেন, "আমরা গতানুগতিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও ইতিবাচক রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে চাই। তাই বিরোধী দলকে সংসদে ফিরে এসে ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি।" বাংলাদেশে যাতে কোন ধরনের জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত হতে না পারে, সে জন্য সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে তিনি বলেন, "মিথ্যা মামলা দিয়ে আমাকে মাসের পর মাস নির্জন কারাগারে অন্তরীণ রাখা হয়। সেই সঙ্গে আরো অনেক রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছিলো। রাজনৈতিক দলগুলোকে ভাঙার চেষ্টা চালানো হয়।" "কোনো অপশক্তি যেন আর জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে", বলেন হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দমনের নামে তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত অভিযানে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছিলো। তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণের জন্য আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা চারদলীয় জোট সরকারের 'ক্ষমতা কুক্ষিগত' করার চেষ্টাকেই দায়ী করেন। নবম সংসদ নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী করার মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগের প্রতি আস্থা প্রকাশ করেছিলো জানিয়ে হাসিনা বলেন, তার সরকার সে আস্থার প্রতিদান দিতে কাজ করছে। তিনি বলেন, "গত এক বছরে আমরা চেষ্টা করেছি সেই আস্থার প্রতিদান দিতে, বিশ্বাসের মর্যাদা রাখতে। কতটা সফল হয়েছি, তার বিচারের ভার জনগণের। তবে আমাদের আন্তরিকতার অভাব ছিলো না।" বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার দ্রব্যমূল্য সহনীয় রাখা এবং জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে বলে দাবি করেন হাসিনা। শিক্ষাকে দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের প্রধান কৌশল হিসেবে নেওয়া হয়েছে জানিয়ে এ খাতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। যোগাযোগ খাতের উন্নয়নে সরকারের প্রথম বছরের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরের যানজট নিরসনে বিমানবন্দর হতে যাত্রাবাড়ী পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে।" বিদ্যুৎ উৎপাদন এ বছরের মধ্যে ১ হাজার মেগাওয়াট বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, "এ খাতে ঘাটতি পূরণে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পর ৭২৮ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। এ বছরের মধ্যে আরো ১০০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র চালু হবে।" ২০২১ সালের মধ্যে বাংলাদেশে একটি তথ্য-প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি এবং আইসিটি জ্ঞানসমৃদ্ধ তরুণদের কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্য-আয়ের দেশে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও প্রধানমন্ত্রী দাবি করেন। দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার কাজ করে চলেছে জানিয়ে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনও স্বাধীনভাবে কাজ করছে। একটি বিশেষ গোষ্ঠি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ড ঘটিয়েছিলো জানিয়ে প্র্রধানমন্ত্রী বলেন, "এই হত্যার বিচারকাজ দ্রুত এগিয়ে চলছে। দায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না।" 'স্বল্প সময়ের' মধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। বছরপূর্তিতে ৩৮ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী আগামী বছরগুলোতে তার সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। ২০১৪ সালের মধ্যে নিরক্ষরমুক্ত দেশ গড়া, ২০১২ সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ২০১৩ সালের মধ্যে ডিগ্রি পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক, ২০১৫ সালের মধ্যে গৃহহীন মানুষের জন্য আবাসনের ব্যবস্থা এবং ২০১৩ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া ২০১৩ সালের মধ্যে প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত, ২০২১ সালের মধ্যে শিশুমৃত্যুর হার বর্তমানের হাজারে ৫৪ থেকে কমিয়ে ১৫ এবং মাতৃমৃত্যুর হার ৩ দশমিক ৮ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী। "ইনশাল্লাহ, আমাদের সম্মিলিত পরিশ্রম, আন্তরিকতা এবং আপনাদের সমর্থনে আমরা এ কাজে সফলতা অর্জন করতে পারবো", বলেন হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১০০ ঘ.